ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে নিরপরাধ বাংলাদেশিদের হত্যার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ রয়েছে। তারপরও বাংলাদেশ সরকার এসব হত্যার বিচারের বিষয়ে কেন উচ্চকণ্ঠ নয়! সীমান্তের মানুষের নিরাপত্তার স্বার্থে এসব হত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের কাঠগড়ায় নিতে বাংলাদেশকে উদ্যোগ নিতে হবে। সীমান্তে বাংলাদেশিদের হত্যা বিষয়ে গতকাল সোমবার রাজধানীতে এক আলোচনায় বক্তারা এই মত দেন। নিউইয়র্ক-ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ও বাংলাদেশের বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকার যৌথভাবে ব্র্যাক সেন্টার ইনে এই আলোচনা সভার আয়োজন করে।হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের উপপরিচালক ফিল রবার্টসন বলেন, ‘যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ থাকার পরও বাংলাদেশ সরকার বিএসএফের হাতে নির্বিচারে বাংলাদেশি হত্যাকাণ্ডের বিষয়টি কেন জোরালোভাবে তুলে ধরছে না, সেটি রহস্যজনক। আমাদের প্রত্যাশা থাকবে, প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারের বিষয় ভারতীয় কর্তৃপক্ষের কাছে তুলে ধরার ব্যাপারে বাংলাদেশ সোচ্চার ভূমিকা পালন করবে।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল বলেন, পশ্চিম তীর ও গাজা উপত্যকায় শান্তিকালীন যে পরিস্থিতি থাকে, তার চেয়ে ভয়াবহ হয়ে উঠেছে বাংলাদেশ-ভারত সীমান্ত। সীমান্তে বিএসএফের হাতে নির্বিচারে বাংলাদেশি হত্যার বিষয়টি মানবতার বিরুদ্ধে অপরাধ। বিএসএফের এসব হত্যার বিচারের দাবি তুলতে হবে।হংকং-ভিত্তিক এশিয়া রাইটস কমিশনের সদস্য মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, গুলি করে বানর হত্যার অপরাধে ভারতে চলচ্চিত্র তারকাকে কয়েক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অথচ আত্মরক্ষার নামে নিরপরাধ বাংলাদেশি হত্যার দায়ে একজন বিএসএফ সদস্যকেও বিচারের মুখোমুখি হতে হয় না। এ থেকেই স্পষ্ট যে, ভারতের কাছে মানুষের চেয়ে বানরের জীবন অনেক বেশি মূল্যবান।আলোচনা অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান। তিনি বলেন, বিএসএফ সীমান্তে প্রতিদিন গড়ে চারজন বাংলাদেশিকে হত্যা করছে। এই হত্যাযজ্ঞ বন্ধের জন্য ভারতের কাছে দাবি তুলতে হবে। আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।প্রসঙ্গত, হিউম্যান রাইটস ওয়াচ ৯ ডিসেম্বর ‘ট্রিগার হ্যাপি: এক্সেসিভ ইউজ অব ফোর্স বাই ইন্ডিয়ান ট্রুপস অ্যাট দ্য বাংলাদেশ বর্ডার’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, গত এক দশকে ভারত-বাংলাদেশের বিভিন্ন সীমান্তে উভয় দেশের এক হাজারেরও বেশি মানুষ খুন হয়েছে। এর মধ্যে নয় শতাধিকই বাংলাদেশি নাগরিক। এই হত্যার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অতিরিক্ত বল প্রয়োগকে দায়ী করা হয়।