বাংলাদেশকে হৃদয়ে ধারণ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেক কাটা, বেলুন ওড়ানো, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা—প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসব আয়োজন তো ছিলই। আরও ছিল অসহায় তিন যুবককে রিকশা প্রদান, রক্তদানকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সন্ধানীকে আর্থিক সহায়তা এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে বিছানার চাদর ও বালিশের কভার উপহার দেওয়ার ঘটনা।
গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের খ্যাতনামা ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান চিটাগাং সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজ ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। নগরের নাসিরাবাদ আবাসিক এলাকায় অবস্থিত ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরের হাতে হাসপাতালের জন্য বিছানার চাদর, বালিশের কভার ও সন্ধানীকে দেওয়া আর্থিক সহায়তার চেক তুলে দেন অতিথিরা। পরে মো. আলী হোসেন, মো. শামসুদ্দিন ও মোহাম্মদ নয়নের কাছে নতুন তিনটি রিকশা হস্তান্তর করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, মানুষকেই মানুষের কল্যাণে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার জন্য তৈরি হতে হবে। একই সঙ্গে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করতে হবে। পৃথিবীর যে প্রান্তে যাও, দেশাত্মবোধ নিয়ে তোমাদের কাজ করতে হবে।’
কলেজ অধ্যক্ষ সাফিয়া গাজী রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম, ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম, ব্রিটিশ কাউন্সিলের কেন্দ্র ব্যবস্থাপক নাহিদ খান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক রাফায়েল ইয়েগার, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া প্রমুখ।