বাংলাদেশকে ১১৭ কোটি টাকা অনুদান দেবে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে প্রায় ১১৭ কোটি টাকা অনুদান দেবে অস্ট্রেলিয়া। গতকাল বুধবার রাজধানী ক্যানবেরায় দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী গ্রেগ কমবেট এবং বাংলাদেশের পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের মধ্যে এক বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। অস্ট্রেলিয়া সফররত বাংলাদেশ প্রতিনিধিদলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি ও মুঠোফোনে এসব কথা জানা গেছে। বৈঠকে দুই মন্ত্রী সম্প্রতি কানকুনে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ডের বাস্তবায়ন কার্যক্রম এবং ডারবানে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-১৭ সফল ও কার্যকর করতে মতবিনিময় করেন। হাছান মাহমুদ বাংলাদেশে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের লক্ষ্যে প্রকল্প গ্রহণের জন্য অস্ট্রেলিয়া সরকারকে অনুরোধ জানান।