বাংলাদেশ–ভারত সম্পর্ক অন্য সম্পর্কের সঙ্গে তুলনীয় নয়: হর্ষ বর্ধন শ্রিংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হর্ষ বর্ধন শ্রিংলা
ফাইল ছবি

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক নানা বন্ধনে আবদ্ধ। চীন বা অন্য কোনো দেশের সম্পর্কের সঙ্গে এই সম্পর্ক তুলনীয় নয়।

বুধবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সংবাদ সম্মেলনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ঢাকা সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

ভারতের রাষ্ট্রপতির এবারের সফরের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে বিরোধী দলীয় নেতার সৌজন্য সাক্ষাতের উপাদান থাকে। এই সফরে তেমন কিছু থাকছে কি না জানতে চাইলে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ভারতের রাষ্ট্রপতি এবার বাংলাদেশের রাষ্ট্রপতির আমন্ত্রণে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্‌যাপনের অনুষ্ঠানে এসেছেন। ২০১৩ সালে ভারতের তখনকার রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ঢাকা সফরের সময় বাংলাদেশের তখনকার বিরোধী দলীয় নেত্রীর সৌজন্য সাক্ষাতের কথা ছিল। কোন প্রসঙ্গে তা হয়নি সেটা আপনাদের জানা থাকার কথা। তবে এবার সেভাবে রাষ্ট্রপতির সফরটি পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর হচ্ছে না। এক ঐতিহাসিক সন্ধিক্ষণে তিনি সফর করছেন। তাই এখানকার বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি কারও সঙ্গে তিনি দেখা করছেন না।

দুর্গাপূজার সময় বাংলাদেশে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার বিষয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে ভারতের পররাষ্ট্রসচিব বলেন, ‘দুই দেশের মধ্যে সহযোগিতার বিস্তৃত বিষয়ে আলোচনা হয়ে থাকে। সব বিষয় আমরা প্রকাশ্য বলি না।

কিছু বিষয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু কিছু বিষয় দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ। এ বিষয়গুলো সামাল দেওয়ার অনেক ক্ষেত্রেই সন্তোষজনক ব্যবস্থা নেওয়া হয়েছে। যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, সেগুলো বাংলাদেশের স্বার্থেই নেওয়া হয়েছে এবং দুই দেশের স্বার্থেই নেওয়া হয়েছে।’

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার নিরাপত্তা জোটে বাংলাদেশ যোগ দেবে কি না জানতে চাইলে ভারতের পররাষ্ট্রসচিব বলেন, এটি এখন পর্যন্ত মূলত চার দেশীয় একটি উদ্যোগ যেখানে ভারত ও প্রশান্ত মহাসাগরের দেশগুলোর সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সহযোগিতার বিষয়টিতে অগ্রাধিকার দিচ্ছে। অবাধ, মুক্ত, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক ভারত-প্রশান্ত মহাসাগর প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে করোনাভাইরাসের টিকা, জলবায়ু পরিবর্তন, নতুন প্রযুক্তির মতো নানা ক্ষেত্রে সহযোগিতা দেওয়া হচ্ছে। এখন যুক্ত হওয়াটা বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্তের বিষয়। তবে বাংলাদেশকে আমরা গুরুত্বপূর্ণ অংশীদার বিবেচনা করি।

র‍্যাব ও বাহিনীর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে জানতে চাইলে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আমরা দ্বিপক্ষীয়ভাবে এবং প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের দৃষ্টিকোণ থেকে দেখি। এই সম্পর্ককে আমরা তৃতীয় দেশের চোখ দিয়ে দেখি না। তাই তৃতীয় কোনো দেশের পদক্ষেপের বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’