বাংলাদেশসহ এশিয়া-আফ্রিকার ২৬০ কোটি মানুষ জিকার ঝুঁকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী জনস্বাস্থ্য সাময়িকী ল্যানসেট বলছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, চীনসহ এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চল ও আফ্রিকার ২৬০ কোটি মানুষ জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাব্য ঝুঁকিতে আছে। এই অঞ্চলের দেশগুলোতে মশার উপস্থিতি ও জিকা ভাইরাস সংক্রমণের উপযুক্ত পরিবেশ এই ঝুঁকি তৈরি করেছে।
১ সেপ্টেম্বর ল্যানসেট ইনফেকসাস ডিজিজ অনলাইনে প্রকাশিত প্রবন্ধে এই সম্ভাব্য ঝুঁকির কথা বলা হয়েছে। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের সংক্রামক ব্যাধি বিভাগের গবেষক আইজ্যাক বোগোসের নেতৃত্বে কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১১ জন গবেষক এই প্রবন্ধ তৈরি করেছেন। উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভ্রমণকারী ব্যক্তিদের তথ্য গাণিতিক পদ্ধতিতে ব্যাখ্যা করে তাঁরা এই সম্ভাব্য ঝুঁকির তথ্য দিয়েছেন।
তবে গবেষকদের আশঙ্কার সঙ্গে বাস্তবের কিছু ব্যবধান ইতিমধ্যে ধরা পড়েছে। জুলাই মাসে বাংলাদেশে জিকা ভাইরাসে বেশি মানুষ আক্রান্ত হবে—এমন অনুমান প্রবন্ধে আছে। তবে ওই সময় বাংলাদেশে সেই পরিস্থিতি তৈরি হয়নি।
সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত ১১৫ ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশি ১০ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি (২০০৫) অনুযায়ী সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাঁরা বাংলাদেশে আসতে পারবেন না। সিঙ্গাপুরেই তাঁদের চিকিৎসা হবে।
নতুন রোগের সংক্রমণ ও প্রকোপের ওপর নজরদারি করা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক শাহজাদী সাবরিনা ল্যানসেটের ওই প্রবন্ধ না পড়ায় মন্তব্য করেননি। তবে তিনি প্রথম আলোকে বলেন, ‘সম্ভাব্য যেসব পথে ও উপায়ে বাংলাদেশে জিকা ভাইরাস ঢুকতে পারে, তার ওপর কড়া নজরদারি করা হচ্ছে। বিমানবন্দরে সতর্ক অবস্থা জোরদার করা হয়েছে।’
এদিকে গতকাল শুক্রবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত রোগ শনাক্তকরণ যন্ত্র পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, জিকা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হলেও এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি বলেন, সিঙ্গাপুরে ১০ জন বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবরে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। কারণ, সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের পর্যটন আছে, মানুষ যাতায়াত করে। ওই ১০ জন সুস্থ আছেন।
ল্যানসেটে প্রকাশিত প্রবন্ধের গবেষকেরা বলছেন, উত্তর ও দক্ষিণ আমেরিকায় জিকার প্রকোপ বাড়ছে। ভ্রমণকারীদের মাধ্যমে তা আফ্রিকা ও এশিয়া-প্রশান্ত মহাসাগর এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে। এ ক্ষেত্রে তাঁরা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের কাছ থেকে যাত্রীসংখ্যা ও ভ্রমণতথ্য সংগ্রহ করেছেন। তাঁরা ২০১৫ সালের ১২ মাসের তথ্য পৃথকভাবে বিশ্লেষণ করেছেন। পাশাপাশি মশা বৃদ্ধির বিশেষ পরিবেশ ও ভাইরাস বহন করার বিষয়গুলো বিশ্লেষণ করেছেন। এর পরিপ্রেক্ষিতে কোন দেশে কত মানুষ জিকা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে আছে, তার আনুমানিক হিসাব দিয়েছেন।
হিসাবে দেখা যাচ্ছে, ২০১৬ সালে উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে ভারতে ৬৭ লাখ ৪২২ জন যাত্রী আসার কথা। ভারতে জিকা ভাইরাসের ঝুঁকিতে আছে ১২০ কোটি মানুষ। উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে বছরে বাংলাদেশে কত যাত্রী আসবে, সে তথ্য নেই। তবে ১৬ কোটি মানুষের ঝুঁকির কথা বলা হয়েছে।
ল্যানসেটের প্রবন্ধের শুরুতে বলা হয়েছে, ১৯৪৭ সালে উগান্ডার বনে বানরের শরীরে প্রথম জিকা ভাইরাস শনাক্ত হয়। এর পাঁচ বছর পর নাইজেরিয়ায় মানুষের শরীরে তা প্রথম শনাক্ত হয়। এডিস মশার কয়েকটি প্রজাতির মাধ্যমে জিকা ভাইরাস ছড়ায়। গত দশকে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় জিকার প্রকোপ দেখা দিয়েছিল। গত বছর মে মাসে ব্রাজিলের কয়েকটি প্রদেশে জিকার প্রকোপ দেখা দেয়। নবজাতকের জন্মে ত্রুটি ঘটায় এবং অতি দ্রুত ছড়িয়ে পড়ে বলে এ বছরের ১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জিকাকে বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য উদ্বেগ বলে ঘোষণা করে।