বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অনেকগুলো দেশে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলো আগামীকাল রোববার বন্ধ থাকবে। নিরাপত্তাঝুঁকির কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
মার্কিন টেলিভিশন চ্যানেল গতকাল শুক্রবার সকালে জানায়, মধ্যপ্রাচ্য ও অন্য মুসলিম দেশগুলোতে মার্কিন কূটনীতিকদের ওপর আল-কায়েদা হামলার ষড়যন্ত্র করছে বলে জানতে পেরেছেন মার্কিন গোয়েন্দারা। তবে কোন দেশে এ ষড়যন্ত্র হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যারি হার্ফ নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, নির্দিষ্ট কিছু দূতাবাস ও কনস্যুলেট ৪ আগস্ট রোববার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র দপ্তর। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ওই পূর্বসতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে নিরাপত্তা বিবেচনা বলতে আসলে কী বোঝানো হচ্ছে, সাংবাদিকেরা জানতে চাইলেও মুখপাত্র হার্ফ বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান।
বিশ্বের অনেক দেশে রোববার মার্কিন দূতাবাস সাপ্তাহিক বন্ধ থাকে। কিন্তু মুসলিম দেশগুলোতে রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় সেখানে দূতাবাস খোলা থাকে। ওই সব দেশের দূতাবাস ও কনস্যুলেট রোববার বন্ধ থাকবে। বাংলাদেশসহ এর মধ্যে আছে আফগানিস্তান, ইয়েমেন, জর্ডান, ইসরায়েল, কুয়েত, লিবিয়া, ওমান, কাতার ও সৌদি আরব।
ভ্রমণসতর্কতা: এদিকে আল-কায়েদা ও এর সহযোগীদের হামলার আশঙ্কার কথা জানিয়ে বিশ্বব্যাপী ভ্রমণসতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।
৩১ আগস্ট পর্যন্ত এ ভ্রমণসতর্কতা থাকবে। এ সময়ের মধ্যে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে পররাষ্ট্র দপ্তর।