রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে বিশিষ্ট ব্যক্তিরা বলেছেন, বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাজে লাগাতে পারলে দেশের অর্থনেতিক ও সাংস্কৃতিক উন্নয়ন গতি পাবে। আর চীনের কূটনীতিকেরা বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের পথে চীন তার প্রতিবেশীদের নিয়েই এগোতে চায়, সেই তালিকায় বাংলাদেশও আছে।
গণচীনের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৩৯ বছর পূর্তি উপলক্ষে ‘চীনের উন্নয়ন ও চীন-বাংলাদেশ সম্পর্ক’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়। বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমী ফাউন্ডেশন গতকাল শুক্রবার রাজধানীর এক হোটেলে এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে বাংলাদেশে নিযুক্ত চীনের কূটনীতিকেরা বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। তাঁরা জানান, এ দেশের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে বরাবরের মতো চীনের সহযোগিতা অব্যাহত থাকবে।
সেমিনারের প্রধান অতিথি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, চীন বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার। এ দেশের নিরাপত্তা, অস্ত্র, অবকাঠামো খাতে চীনের ব্যাপক অংশীদারত্ব আছে। এ দেশের মানুষ চীনকে বন্ধুরাষ্ট্র বলেই মনে করে। তিনি বলেন, কেবল রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক কখনো সুদৃঢ় হতে পারে না। সম্পর্কটা হতে হবে রাষ্ট্রের জনগণের মধ্যে। তাহলেই বলা যাবে সুসস্পর্ক চলছে। তিনি বাংলাদেশের সঙ্গে চীনের দীর্ঘ উন্নয়ন সহযোগিতার কথা উল্লেখ করেন।
বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স চু-কোয়াংচো বলেন, চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে। চীনের সঙ্গে বাংলাদেশের এখন সর্বোচ্চ মাত্রার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। তিনি বাংলাদেশে চীনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। চু-কোয়াংচো চীনকে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তি উল্লেখ করে বলেন, চীন কেবল এককভাবে উন্নয়ন করতে চায় না, তার প্রতিবেশীদের নিয়েই এগোতে চায়। এই তালিকায় বাংলাদেশও রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, চীন এখন বিশ্বের অন্যতম শক্তিধর দেশ। দেশটি সামরিক শক্তি দিয়ে এই অর্জন করেনি। তারা অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বিশ্বে অবস্থান করে নিয়েছে। তিনি বাংলাদেশে চীনের উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
চীনা দূতাবাসের অর্থনৈতিক কাউন্সিলর ওয়াং জি চিয়ান বলেন, বাংলাদেশ থেকে মিয়ানমারের মধ্য দিয়ে চীন পর্যন্ত সড়ক যোগাযোগব্যবস্থা চালু করার কাজ করছে চীন। এটা হলে এই অঞ্চলের আরও বেশি উন্নয়ন হবে।
অনুষ্ঠানের সভাপতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান চীন-বাংলাদেশের সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাংবাদিক সাদেক খান প্রমুখ।