বিশ্বজুড়ে জ্বালানি সাশ্রয়ে আজ শনিবার রাতে ‘আর্থ আওয়ার’ পালন করা হবে। বিশ্বের অন্তত ১৪৭টি দেশের পাঁচ হাজার ৪১১টি শহরে এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। জ্বালানি সাশ্রয়ে জনগণকে সচেতন করে তুলতে ২০০৭ সালের ৩১ মার্চ থেকে প্রতিবছর এই দিনে এ কর্মসূচি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে জ্বালানি সংরক্ষণে ‘আর্থ আওয়ার’ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ গত বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায়। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক বলেন, আর্থ আওয়ার কর্মসূচি পালনের মধ্য দিয়ে জ্বালানি সংরক্ষণে কতটুকু সাফল্য আসবে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে, মানুষ বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবে। আজ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে ডাচ নভোচারী অ্যানড্রি কুইপারস বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার পর আইফেল টাওয়ার ও সিডনির অপেরা হাউসের আলোকচিত্র ধারণ করবেন।