বাংলাদেশসহ বিশ্ব ছিল এক ঘণ্টা অন্ধকারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বিভিন্ন শহরের মতো গতকাল শনিবার রাতে বাংলাদেশের রাজধানী ঢাকাতেও আর্থ আওয়ার পালিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে বাঁচাতে বিশ্বের ১৩৫টি দেশের প্রায় পাঁচ হাজার শহরের মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়। গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়।ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের (ডব্লিউডব্লিউএফ) উদ্যোগে ২০০৭ সাল থেকে মার্চ মাসের শেষ শনিবার বিশ্বব্যাপী এ কর্মসূচি পালিত হয়ে আসছে। এবার এ কর্মসূচি পালনে মানুষ নিজ দেশে গতকাল স্থানীয় সময় রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এ এক ঘণ্টা তাদের বাড়ি কিংবা কর্মস্থলে বৈদ্যুতিক বাতি নিভিয়ে রাখে। বার্তা সংস্থা ইউএনবি জানায়, জ্বালানি সাশ্রয়ে মানুষকে সচেতন করে তুলতে বিদ্যুৎ বিভাগ গতকাল রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত আর্থ আওয়ার পালন করে। বাংলাদেশ এই প্রথম বৈশ্বিক এ জনসচেতনতামূলক প্রচার অভিযানে অংশ নেয়। পরিবেশ রক্ষা ও জ্বালানি শক্তি সঞ্চয়, জলবায়ু পরিবর্তনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সচেতনতা বৃদ্ধি এবং গৃহ ও ব্যবসাপ্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি বন্ধ রাখতে উৎসাহিত করাই এ কর্মসূচির লক্ষ্য। ২০০৭ সালে ডব্লিউডব্লিউএফ এবং দ্য সিডনি মর্নিং হেরাল্ড আর্থ আওয়ার ধারণার প্রচলন করে। ওই বছরের মার্চের শেষ শনিবার অস্ট্রেলিয়ার সিডনির ২২ লাখ লোক অপ্রয়োজনীয় বাতি বন্ধ রেখে প্রথম আর্থ আওয়ার পালন করে।