বাংলাদেশসহ ২২ দেশে শিশুদের যক্ষ্মা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশসহ ২২টি দেশে প্রতিবছর যক্ষ্মায় আক্রান্ত হচ্ছে সাড়ে ছয় লাখেরও বেশি শিশু। রোগটিতে আক্রান্ত হওয়ার এই হার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ধারণার চেয়ে অন্তত ২৫ শতাংশ বেশি। ২২টি দেশের মধ্যে বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আছে ভারত ও পাকিস্তান।
চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেট-এর এক প্রতিবেদনে ওই তথ্য উঠে এসেছে। গতকাল বুধবার সাময়িকীটির ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
ল্যানসেট-এর প্রতিবেদনে বলা হয়, ১৫ বছরের কম বয়সী পাঁচ কোটি ৩০ লাখ শিশু এখন যক্ষ্মার ঝুঁকিতে আছে। যেকোনো সময় এরা এই রোগে আক্রান্ত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গত বছরের পরিসংখ্যানে বলা হয়েছিল, ১৫ বছরের কমবয়সী পাঁচ লাখ ৩০ হাজার শিশু যক্ষ্মায় আক্রান্ত।
ল্যানসেট–এর প্রতিবেদনটি যুক্ত–রাজ্যের ইউনিভার্সিটি অব শেফিল্ডের গবেষক পিটার ডডের নেতৃত্বে পরিচালিত একটি গবেষণার ওপর ভিত্তি করে লেখা। সমীক্ষায় ২২টি দেশের উপাত্ত আলাদাভাবে বিশ্লেষণ করা হয়।
প্রতিবদেনে ডড দারিদ্র্যকেই যক্ষ্মার প্রধান কারণ বলে উল্লেখ করেন। এসব দরিদ্র শিশু স্বাস্থ্যসুবিধাও কম পায়। সামাজিক ও আর্থিক কারণে রোগ নির্ণয়ের হারও কম। আবার রোগ নির্ণয় হলেও পরীক্ষা-নিরীক্ষার সুযোগ হয়ে ওঠে না।
গবেষণায় দেখা যায়, বাড়িতে একজন প্রাপ্তবয়স্ক যক্ষ্মা রোগী থাকলে শিশুদের এ রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায়। ২০১০ সালে ১৫ বছরের নিচে ৭৬ লাখ শিশু যক্ষ্মায় আক্রান্ত হয়। এদের মধ্যে ২৭ শতাংশই ভারতের। যক্ষ্মা শনাক্ত হওয়া ও বা চিকিৎসা পেয়েছে এমন শিশুদের রেকর্ড ঠিকমতো রাখা হয় না।
গবেষক ডড বলেন, ‘যক্ষ্মা কর্মসূচিতে এ রোগে আক্রান্ত শিশুদের বিবেচনা করাটা খুবই জরুরি। যদিও শিশুদের বিষয়ে নজরদারিটা কমই হয়।’ তাঁর মতে, যক্ষ্মায় আক্রান্ত শিশুদের সংখ্যা যে বেশ বড়, তা জানাটা জরুরি ছিল। এর ফলে ওষুধ তৈরির প্রতিষ্ঠানগুলো শিশুদের জন্য প্রতিষেধক ও রোগ নির্ণয় পদ্ধতি উদ্ভাবনে আগ্রহী হয়ে উঠতে পারে।