সারা বিশ্বে সাংবাদিক হত্যাকারীরা পার পেয়ে যাচ্ছে। কারণ, সংশ্লিষ্ট দেশগুলোর সরকার এ ক্ষেত্রে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। ফলে পার পেয়ে যাচ্ছে ৯০ শতাংশ খুনি। এই অবস্থায় গত ১০ বছরে সাংবাদিক হত্যার বিচার না হওয়ার ঘটনা বেড়েছে বাংলাদেশসহ নয়টি দেশে। এতে করে ক্ষুণ্ন হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা।
নিউইয়র্কভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) তাদের এক প্রতিবেদনে এ কথা বলেছে। গতকাল মঙ্গলবার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে, সারা বিশ্বে সাংবাদিকদের লক্ষ্য করে হত্যা ও খুনিদের পার পেয়ে যাওয়ার হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু এগুলো রোধে সরকারগুলো কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ। খবর দ্য গার্ডিয়ানের।
গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করে সিপিজে। তারা ‘দ্য রোড টু জাস্টিস: ব্রেকিং দ্য সাইকেল অব ইমপিউনিটি ইন দ্য কিলিং অব জার্নালিস্টস’ শিরোনামের এ প্রতিবেদনে উল্লেখ করেছে, গত ১০ বছরে সারা বিশ্বে পেশাগত দায়িত্ব পালনের কারণে ৩৭০ জন সাংবাদিক খুন হয়েছেন। এঁদের বড় একটা অংশ দুর্নীতি, অপরাধ, মানবাধিকার লঙ্ঘন, রাজনীতি ও যুদ্ধ নিয়ে সংবাদ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। কিন্তু খুবই কমসংখ্যক ঘটনায় খুনিরা গ্রেপ্তার বা বিচারের আওতায় এসেছে।
প্রতিবেদনের একটা অংশে বাংলাদেশসহ নয়টি দেশের কথা উল্লেখ করা হয়েছে, যেসব দেশে গত ১০ বছরে সাংবাদিক হত্যার বিচার না হওয়ার ঘটনা বেড়েছে। বাকি দেশগুলো হচ্ছে ব্রাজিল, কলম্বিয়া, ভারত, ইরাক, পাকিস্তান, ফিলিপাইন, রাশিয়া ও সোমালিয়া। এসব দেশে ২০১৩ সালেও সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বছর বাংলাদেশ, ব্রাজিল, কলম্বিয়া ও ভারতে মোট সাতজন সাংবাদিক খুন হন। তবে এসব দেশে একটাই আশার দিক হচ্ছে, এই সময়ে সাংবাদিক হত্যার সঙ্গে জড়িতদের দোষী সাব্যস্ত করার হার আগের চেয়ে বেড়েছে।
সিপিজে বাংলাদেশে ২০০৪ সালে আজকের কাগজ-এর সাংবাদিক কামাল হোসাইন, ২০০৫ সালে সংগ্রাম-এর শেখ বেলালউদ্দিন, ২০১২ সালে গ্রামের কাগজ-এর জামাল উদ্দিন ও ২০১৩ সালে ফ্রিল্যান্সার আহমেদ রাজীব হায়দার হত্যাকাণ্ডের কথাও উল্লেখ করেছে।
আগামী ২ নভেম্বর বিশ্বে প্রথমবারের মতো ‘সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি অবসান দিবস’ হিসেবে পালিত হবে। জাতিসংঘ-সমর্থিত এ দিবস সামনে রেখে সিপিজে আন্তর্জাতিক বিশেষজ্ঞ, সাংবাদিক, ভুক্তভোগীদের পরিবার ও আইনজীবীদের কাছ থেকে সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করেছে।
প্রতিবেদনটির মূল প্রণেতা এলিজাবেথ উইটচেল বলেছেন, ‘আজকের দিনে গণমাধ্যম স্বাধীনতার ক্ষেত্রে অন্যতম প্রধান হুমকি হচ্ছে অবাধে সাংবাদিকদের হত্যা ও এসব হত্যাকাণ্ডের বিচার না হওয়া। অথচ সাংবাদিকেরাই সমাজ ও পৃথিবীকে তথ্যের জানান দিচ্ছেন।’