বাংলাদেশসহ 'ঝুঁকিপূর্ণ' দেশের জন্য যুক্তরাজ্যের বন্ড ভিসার পরিকল্পনা
বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ছয়টি ‘ঝুঁকিপূর্ণ’ দেশের ভ্রমণকারীদের জন্য বন্ড ভিসা চালুর পরিকল্পনা করছে যুক্তরাজ্য। গতকাল রোববার সানডে টাইমস-এর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, বন্ড ভিসার জন্য আগামী নভেম্বর থেকে একটি পরীক্ষামূলক প্রকল্প চালু করছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ঘানা ও নাইজেরিয়ার ভ্রমণকারীদের লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আওতায় এসব দেশের ১৮ বছর বা তদূর্ধ্ব নাগরিকদের যুক্তরাজ্যের ছয় মাসের ভ্রমণ ভিসার জন্য বাধ্যতামূলকভাবে তিন হাজারের বেশি পাউন্ডের বন্ড দিতে হবে। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যুক্তরাজ্যে অবস্থান করলে এই বন্ডের অর্থ বাজেয়াপ্ত করবে কর্তৃপক্ষ। স্বরাষ্ট্র দপ্তর বলেছে, বন্ড ভিসার জন্য যে ছয়টি দেশের নাম উল্লেখ করা হয়েছে ‘তাদের নাগরিকদের মধ্যে ভ্রমণ ভিসার অপব্যহারের ঝুঁকি সবচেয়ে বেশি’। সাপ্তাহিক ওই পত্রিকাটি বলেছে, ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে ওই পদক্ষেপ নিয়েছেন। ভ্রমণ ভিসার অপব্যবহার বন্ধে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টি খুবই আন্তরিক—এ বিষয়টি বোঝানোর জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা বলেন, ‘এই পদক্ষেপের মাধ্যমে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যুক্তরাজ্যে অবস্থান করার প্রবণতা যেমন ঠোকানো যাবে, তেমনি কোনো বিদেশি সরকারি সুবিধা ভোগ করে থাকলে বন্ড থেকে সেই খরচ আদায় করা যাবে।’ এএফপি।