বাংলাদেশি অভিবাসীরা উৎকণ্ঠায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ অভিবাসী ইস্যুতে যুক্তরাষ্ট্রের মাঠ আবার গরম হয়ে উঠেছে। অন্যান্য দেশের অভিবাসীদের পাশাপাশি বাংলাদেশি অভিবাসীরাও এখন অনেকটা দিশেহারা। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল কী হয়, সেদিকে তাকিয়ে আছেন অভিবাসীরা।
অবৈধ অভিবাসীদের বৈধতাদানসহ নানা ইতিবাচক পদক্ষেপসংবলিত প্রেসিডেন্ট বারাক ওবামার ‘অভিবাসন পরিকল্পনা’ সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট আটকে দেওয়ায় উৎকণ্ঠায় দিন পার করছেন অভিবাসী। তবে এখনই হতাশ হওয়ার কিছু ঘটেনি বলে বলছেন অভিবাসন নিয়ে কর্মরত মার্কিন আইনজীবীরা। তাঁরা বলছেন, আগামী নির্বাচনের ফলাফলের ওপর অভিবাসীদের ভাগ্য নির্ভর করছে।
নিউইয়র্কের এক ভারতীয় রেস্টুরেন্টে কাজ করেন হামিদুর রহমান। তিনি বলেন, ৩০ বছর আগে দেশ ছেড়েছিলেন। সাত দেশ ঘুরে যুক্তরাষ্ট্রে এসেছেন। মা–বাবার দেওয়া নাম পাল্টেছেন অনেক আগেই। হামিদুর বলেন, দেশ থেকে বৈধ অভিবাসন নিয়ে আসা মেয়েকে বিয়ে করলেও নিজে বৈধতা পাননি। শুরুতেই তাঁর রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হয়েছিল। এরপর নানা কর্মসূচিতে আবেদন করেছেন। মার্কিন নাগরিক বিয়ে করলেও অভিবাসন বিভাগের কাছে দেওয়া পুরোনো তথ্যের গরমিলের জন্য হামিদুর রহমানের গ্রিনকার্ড হয়নি।
নিউইয়র্কের এস্টোরিয়ায় থাকেন প্রবাসী আবু নছর। ২৮ বছর আগে যুক্তরাষ্ট্রে আসেন দালালের মাধ্যমে। প্রেসিডেন্ট রিগানের দেওয়া কৃষি কর্মসূচিতে একবার কাজের অনুমতি পেয়েছিলেন। ক্যাব চালিয়েছেন। প্রবাসেই যৌবন কাটিয়েছেন কাজ করে। কর দিয়েছেন। শেষ পর্যন্ত তাঁর অভিবাসন আবেদনটি প্রত্যাখ্যাত হয়। আবু নছর এখন অসুস্থ। জানালেন, ‘গ্রিনকার্ড হয়নি। দেশে যেতে পারি না। সংসার করা হয়নি।’ চরম শারীরিক অসুস্থতার এ সময়ে ব্যয়বহুল চিকিৎসা পাচ্ছেন নিউইয়র্কে। গ্রিনকার্ড না পেলেও তাঁর দুঃখ নেই। যোগ করলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে অভিবাসীদের জন্য খুব খারাপ হবে।
প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাহী আদেশ যুক্তরাষ্ট্রের ভেঙে পড়া অভিবাসনব্যবস্থা নিয়ে কোনো স্থায়ী সমাধান ছিল না। আইনপ্রণেতাদের ওপর চাপ সৃষ্টির জন্যই তিনি নির্বাহী আদেশ দিয়ে ঝুঁকিপূর্ণ অভিবাসীদের একটি অংশকে আশার আলো দেখিয়েছিলেন। ওবামার নির্বাহী আদেশ নিয়ে টেক্সাসের আদালতে মামলা হলে আদেশের কার্যকারিতা স্থগিত রাখার জন্য নির্দেশনা আসে। ওবামা প্রশাসন সুপ্রিম কোর্টে আপিল করলে গত সপ্তাহে বিভক্ত রায় আসে। রাজনৈতিকভাবে বিভক্ত মার্কিন সুপ্রিম কোর্টের এ রায়ের মাধ্যমে নিম্ন আদালতের রায়ই বহাল থেকে যায়। ফলে প্রেসিডেন্ট ওবামার নির্বাহী আদেশে বিতাড়নের আদেশ পাওয়া অভিবাসীদের কাজের অনুমতি প্রাপ্তির সম্ভাবনা আর থাকল না।
যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের লাইসেন্সপ্রাপ্ত অ্যাটর্নি মইন চৌধুরী প্রথম আলোকে বলেন, সুপ্রিম কোর্টের বিভক্ত রায় নিয়ে অভিবাসীদের হতাশ হওয়ার কারণ নেই। তাঁর ভাষ্য, প্রেসিডেন্ট ওবামা অবৈধদের বৈধতা দেওয়ার কোনো নির্বাহী আদেশ জারি করেননি। তাঁর আদেশটি ছিল একটি বিশেষ ক্যাটাগরির অভিবাসীদের সাময়িক কাজের অনুমতি প্রদান। অভিবাসন ও নাগরিক অধিকার নিয়ে কাজ করা এই আইনজীবী জানান, অভিবাসন সংস্কার নিয়ে আইন প্রণয়নের জন্য চাপ অব্যাহত রাখতে হবে। প্রতিটি অভিবাসী গোষ্ঠী নিজ নিজ এলাকার জনপ্রতিনিধির ওপর চাপ সৃষ্টি করলেই এ ক্ষেত্রে বিজয় অর্জন সম্ভব।
কেবল ২০১৫ সালেই আড়াই লাখের মতো অবৈধ অভিবাসীকে জোরপূর্বক নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। প্যাসিফিক লুথার্ন ইউনিভার্সিটির রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক মারিয়া সাভেজ বলেছেন, অভিবাসন নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্ত রক্ষণশীলতা এবং শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্বের পক্ষে। আগামী নির্বাচনে রিপাবলিকানদের পারিবারিক সম্পর্ক এবং ব্যক্তিগত দায় সম্পর্কে জবাব দেওয়ার সুযোগ পাবে ভোটাররা।
যুক্তরাষ্ট্রের অভিবাসনবিরোধী বাস্তবতায় বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ–উৎকণ্ঠা বেশি। পারিবারিক বন্ধন এবং অন্যান্য সামাজিক কারণে অন্য অভিবাসীদের তুলনায় বাংলাদেশিরা বেশি বিচলিত। নিকট ভবিষ্যতে কিছু হচ্ছে না মনে করে অনেকেই বৈধতার আশায় আর বসে থাকছেন না। গত মঙ্গলবার নিউইয়র্ক ছেড়ে দেশের পথে যাত্রা করেছেন সিলেটের শরিফ চৌধুরী। ১৮ বছর গ্রিনকার্ডের পেছনে ছুটে নিরাশ হয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র ছাড়ার আগে নিউইয়র্কের ব্রঙ্কসে তাঁকে রীতিমতো বিদায় সংবর্ধনা দিয়েছেন স্বদেশিরা।