বাংলাদেশি আইএসপি দিয়ে আল-জাজিরার ওয়েবসাইট হ্যাক
বাংলাদেশে ইন্টারনেট সংযোগ প্রদানকারী একটি প্রতিষ্ঠানের (আইএসপি) মাধ্যমে কাতারভিত্তিক টিভি চ্যানেল আল-জাজিরার ওয়েবসাইটে অনুপ্রবেশ করে একদল হ্যাকার। তারা সাইটটিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ছবি তুলে দিয়ে তাঁর বিরুদ্ধে প্রচারণা বন্ধের দাবি জানায়।বাংলাদেশের সাইট ব্যবহারের বিষয় জানার পর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইটি শাখা বিষয়টি তদন্ত করে হুমকির কাজে ব্যবহূত আইএসপি শনাক্ত করে। তবে হ্যাকাররা বিদেশে থেকে এ কাজ করেছে।র্যাব কর্মকর্তারা জানান, ৯ অক্টোবর আল-জাজিরার ওয়েবসাইট হ্যাক হয়। হ্যাকাররা আল-জাজিরার দাপ্তরিক ও বাণিজ্যিক ডোমেইনে প্রবেশ করে তাতে আরবি ভাষায় তাদের প্রতিবাদ লিখে রাখে। এতে আল-জাজিরার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। হ্যাকাররা নিজেদের ‘সিরিয়ান ইলেকট্রনিকস আর্মি’ বলে পরিচয় দেয়।নাম প্রকাশে অনিচ্ছুক র্যাবের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ঢাকায় কর্মরত আল-জাজিরার প্রতিনিধি এ ব্যাপারে র্যাবের কাছে অভিযোগ করেন। এরপর র্যাব খোঁজখবর শুরু করে। র্যাবের আইটি বিশেষজ্ঞরা ২৪ ঘণ্টা অনুসন্ধান করে হ্যাকারদের শনাক্ত করেন। র্যাব জানতে পারে, হ্যাকাররা ওয়েবসাইটে প্রবেশের জন্য আল-জাজিরার বাংলাদেশ প্রতিনিধির ই-মেইল ঠিকানা ব্যবহার করে। আল-জাজিরার বাংলাদেশ প্রতিনিধি ‘বিডিকম’ নামের একটি প্রতিষ্ঠানের ইন্টারনেট সংযোগ ব্যবহার করেন। সেই সাইটের মাধ্যমে হ্যকাররা ওয়েবসাইটের নিরাপত্তাব্যবস্থাগুলো ভেঙে ফেলে।বিডিকমের স্বত্বাধিকারী সুমন আহমেদ প্রথম আলোকে বলেন, আল-জাজিরার প্রতিনিধি প্রথমে তাঁদের কাছে এসেছিলেন। পরে তিনি র্যাবের কাছে অভিযোগ করেন।এ ব্যাপারে জানতে চেষ্টা করেও আল-জাজিরার স্থানীয় প্রতিনিধির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।