মিনায় পদপিষ্ট হওয়ার ঘটনায় আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু ও নতুন করে ১০ জনের নিখোঁজ থাকার তথ্য জানা গেছে। এ নিয়ে দুর্ঘটনায় মোট নয়জন বাংলাদেশি হাজি মারা গেছেন এবং ১৬ জন নিখোঁজ রয়েছেন বলে প্রথম আলোর প্রতিনিধিরা সংশ্লিষ্ট পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানিয়েছেন।
তবে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত এই তথ্যের কোনো সত্যতা সরকারিভাবে নিশ্চিত হওয়া যায়নি। এর আগের দিন আটজন হাজি নিহত ও ছয়জনের নিখোঁজ থাকার তথ্য জানিয়েছিলেন প্রতিনিধিরা।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, মিনায় পদপিষ্ট হয়ে কসবার জাহেদুল ইসলাম ভূঁইয়া (৪০) নামে একজন হাজি মারা গেছেন। জাহেদুল ঢাকার ফকিরাপুলে প্রিন্টিং প্রেসের ব্যবসা করতেন। তাঁর মৃত্যুর খবরে পরিবারে চলছে আহাজারি।
গতকাল জাহেদুলের বড় ভাই আমিনুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ছোট ভাই খাইরুল ইসলামকে সঙ্গে নিয়ে এবার হজে গিয়েছিলেন জাহেদুল। মিনায় দুর্ঘটনার পর জাহেদুলের কোনো খোঁজ পাচ্ছিলেন না তাঁরা। পরে খাইরুল সেখানকার হাসপাতালের মর্গে জাহেদুলের লাশ শনাক্ত করেন। গত রোববার বিকেলে জানাজার পর মিনায় তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সাভার জানান, দুর্ঘটনার পর থেকে ঢাকার সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান ও তাঁর স্ত্রী আলেমা বেগমের খোঁজ পাওয়া যাচ্ছে না।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় গত রোববার আমিনুরের মৃত্যুর বিষয়টি জানালেও পরে সে খবর প্রত্যাহার করে। আমিনুরের বড় ছেলে আরিফুর রহমান বলেন, ‘মিনার দুর্ঘটনার পর থেকে আব্বু-আম্মুর মুঠোফোন বন্ধ। সাভার থেকে হজ করতে গেছেন এমন কয়েকজনের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে। কিন্তু গতকাল পর্যন্ত তাঁরা আমার আব্বু-আম্মুর কোনো সন্ধান দিতে পারেননি।’ তিনি আরও বলেন, সৌদি আরবে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে গতকাল দুপুরে তাঁর কথা হয়। তিনি আমিনুর দম্পতির সঙ্গে হজ করতে গেছেন। গতকাল বিকেলে সাইফুল প্রথম আলোকে বলেন, ‘সৌদি কর্তৃপক্ষ নিহত হাজিদের যে তালিকা প্রকাশ করেছে সেখানে আমিনুর রহমান ও তাঁর স্ত্রী আলেমা বেগমের নাম নেই। হাসপাতালে চিকিৎসাধীন হাজিদের মধ্যেও তাঁদের খোঁজ পাওয়া যায়নি।’
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, মিনা দুর্ঘটনার পর থেকে এ জেলার নাসিরনগর উপজেলায় একই পরিবারের ছয়জন নিখোঁজ রয়েছেন। তাঁরা হলেন বালিখোলা গ্রামের আমেনা বেগম, আমেনার চাচাতো বোন হাসেনা খাতুন, আমেনার ভাই মো. আসাদুল্লাহ, তাঁর স্ত্রী সায়েরা বেগম, আমেনার ভগ্নিপতি সিদ্দিক মিয়া ও মামা ওমর আলী।
ফরিদপুর অফিস জানায়, জেলার আলফাডাঙ্গা উপজেলার কামার গ্রামের নওশের আলম নিলু (৬৫) নামের একজন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। গতকাল নওশেরের ভাতিজা সুলতান মাহমুদ এ তথ্য জানান।
এ ছাড়া সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, ওই ঘটনায় সীতাকুণ্ড পৌর সদরের পশ্চিম আমিরাবাদ গ্রামের দীন ইসলাম (৬০) নামের এক হাজিও নিখোঁজ রয়েছেন। গতকাল তাঁর ছেলে আমজাদ হোসেন জানান, এবার তাঁর বাবা ও মা হজে গেছেন। পদপিষ্টের ঘটনার পর তাঁর মা-বাবা বিচ্ছিন্ন হয়ে পড়েন। পরে মায়ের সঙ্গে পরিবার যোগাযোগ করতে পারলেও বাবার সঙ্গে পারেনি।