বাংলাদেশি ইমাম হত্যায় ব্রিটিশ যুবকের যাবজ্জীবন
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বাংলাদেশি ইমাম জালাল উদ্দিনকে (৭২) হত্যার ঘটনায় এক ব্রিটিশ যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গত শুক্রবার দেশটির একটি আদালত এ রায় দিয়েছেন।
দণ্ডিত মোহাম্মেদ হোসেন সাঈদীর বিরুদ্ধে ইমামকে হত্যায় সহযোগিতার প্রমাণ মিলেছে। তাঁকে ন্যূনতম ২৪ বছর সাজা ভোগ করতে হবে।
গত ফেব্রুয়ারির এক সন্ধ্যায় ম্যানচেস্টারের রচডেলের একটি শিশুপার্কে হামলার শিকার হন জালাল উদ্দিন। তাঁর মাথা ও মুখে একাধিক জখমের চিহ্ন পাওয়া যায়। তাঁকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছেন প্রসিকিউটর। আদালতে বলা হয়, নামাজ আদায়ের পর মসজিদ থেকে এক বন্ধুর বাড়িতে গিয়ে দাওয়াত খেয়ে হেঁটে বাসায় ফেরার পথে ওই ইমামের ওপর হামলা হয়।
প্রায় ১৫ বছর আগে বাংলাদেশ থেকে রচডেলে যাওয়া জালাল উদ্দিন অসুস্থতা ও অশুভকে তাড়াতে তাবিজ দিয়ে ওই এলাকায় বেশ পরিচিত হয়ে ওঠেন। কিন্তু এই তাবিজসংক্রান্ত বিষয়ের প্রতি বিদ্বেষ পোষণ করেই তাঁর ওপর হামলা হয় বলে জানান প্রসিকিউটর।
প্রসিকিউটর আদালতে বলেন, ‘জালাল উদ্দিন রোগ সারাতে যে ইসলামি পন্থার চর্চা করতেন, আইএস সেটাকে ‘কালা জাদু’ হিসেবে দেখে এবং তারা মনে করে, যারা এর চর্চা করে তাদের কঠিন শাস্তি, এমনকি মৃত্যু প্রাপ্য।’
নিহত জালাল উদ্দিনের পারিবারিক বন্ধু হারাস রফিক বিবিসিকে বলেন, ‘এই হত্যাকাণ্ড প্রমাণ করে যে যুক্তরাজ্য এবং পুরো পৃথিবীতে এই মুহূর্তে ইসলামের ভেতরেই যেন একটি যুদ্ধ শুরু হয়েছে। যারা আধ্যাত্মিক পন্থায় তাবিজের মাধ্যমে মানুষের রোগ সারায়, তাদের একশ্রেণির মানুষ অপছন্দ করতে শুরু করেছে। এদের তারা প্রকৃত মুসলিম বলে মনে করছে না।’
ঘটনার পর গোয়েন্দারা সাঈদীকে তাঁর রচডেলের বাসা থেকে গ্রেপ্তারের পর তাঁর মুঠোফোনে জালাল উদ্দিনের মৃত্যুর দৃশ্য পান। এ সময় তাঁর বাসা থেকে আইএসের প্রচারের অনেক কিছু উদ্ধার করা হয়।
আদালতে উপস্থাপিত একটি ছবিতে জালালিয়া মসজিদের বাইরে আইএসের পতাকার মতো একটি পতাকা ধরে সাঈদীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২১ বছর বয়সী মোহাম্মেদ সাঈদী বিশ্বাস করতেন যে জালাল উদ্দিন তান্ত্রিক ছিলেন এবং ‘কালা জাদুর’ চর্চা করতেন। এ কারণে মোহাম্মেদ সাঈদী ও তাঁর সহযোগী মোহাম্মদ আবদুল কাদির গত ফেব্রুয়ারিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দ্বারা অনুপ্রাণিত হয়ে ওই ইমামকে হত্যা করেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই দুজন হামলার আগে জালাল উদ্দিনকে কয়েক মাস ধরে অনুসরণ করেন। পার্কের সামনে যাওয়ার পর মোহাম্মদ সাঈদী তাঁকে দেখিয়ে দেন এবং আবদুল কাদির তাঁকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডের কয়েক দিন পর যুক্তরাজ্য থেকে পালিয়ে তুরস্কে যান কাদির। পরে সেখান থেকে তিনি সিরিয়ায় যান বলে ধারণা তদন্তকারীদের।
এক বিবৃতিতে পরিবারের সদস্যরা জানান, ‘জালাল উদ্দিন শান্তিপূর্ণভাবে নিজের বিশ্বাসের চর্চা করতেন। সব ধর্ম ও সংস্কৃতির প্রতি তাঁর ভালোবাসা ও সম্মান ছিল। আইএসের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা প্রমাণ করে যে সংগঠনটি কতটা বর্বর।’
বাংলাদেশে জালাল উদ্দিনের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের সতপুর গ্রামে। প্রায় ১৪ বছর আগে তিনি যুক্তরাজ্যে যান। তাঁর পাঁচ ছেলে, দুই মেয়ে এবং স্ত্রী বাংলাদেশেই রয়েছেন।