বাংলাদেশি ও দুই 'রোহিঙ্গা'র লাশ উদ্ধার
সাতক্ষীরার সীমান্তবর্তী নদী ইছামতী থেকে গতকাল শনিবার এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে লাশটি জেলার সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একই দিন কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী। তাঁরা রোহিঙ্গা হতে পারেন বলে মনে করা হচ্ছে।
ইছামতী থেকে উদ্ধার হওয়া ব্যক্তি হলেন তরিকুল ইসলাম গাজী (৪৫)। তিনি সদর উপজেলার হাড়তদাহ গ্রামের বাদল গাজীর ছেলে। তরিকুলের স্ত্রী জানান, গত শুক্রবার রাতে ওই নদীতে মাছ ধরতে যান তরিকুল। পরে আর বাড়ি ফিরে আসেননি।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমাম আহসান জানান, গতকাল সকালে নদীর বিপরীতে ভারতের বশিরহাট জেলার সোলাদানায় তরিকুলের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন হাড়তদাহ বিজিবি ক্যাম্পে খবর দেন। বিজিবির অনুরোধে বিএসএফ লাশটি উদ্ধার করে হাসনাবাদ থানায় সোপর্দ করে।
ইমাম আহসান বলেন, নদীতে মাছ ধরার সময় ঠান্ডায় তরিকুল মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, তরিকুলের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে টেকনাফের স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর প্যারাবন এলাকায় জেলেরা দুই ব্যক্তির লাশ ভাসতে দেখে লেদা রোহিঙ্গা ক্যাম্পে খবর দেন। গত সোমবার এই নদীতে রোহিঙ্গাবোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটে। ওই ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা এসে গলিত লাশ দুটি উদ্ধার করে দাফন করেন। তাঁরা লাশগুলোর পরিচয় শনাক্ত করতে পারেননি।