বাংলাদেশি কর্মী নিয়োগে সৌদির নিয়ন্ত্রণ শিথিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে পুরুষ গৃহকর্মী, চিকিৎসক, প্রকৌশলী, অধ্যাপকসহ বিভিন্ন পেশাজীবী নিয়োগ করতে রাজি হয়েছে সৌদি আরব। দেশটি তাদের চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যায় দক্ষ নারী গৃহপরিচারিকা পাঠানোর অনুরোধও জানিয়েছে। রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার এ কথা জানায়।
সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির শ্রমমন্ত্রী মুফারেজ বিন সাদ আল-হাকবানির সঙ্গে বৃহস্পতিবার বিকেলে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম। তিনি মন্ত্রণালয়ের সচিব ও অন্যান্য কর্মকর্তাসহ পাঁচ সদস্যের এক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
দুই দেশের মধ্যে গত বছরের ফেব্রুয়ারিতে সম্পাদিত চুক্তির অংশ হিসেবে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগে নিয়ন্ত্রণ শিথিল করেছে সৌদি কর্তৃপক্ষ। ওই চুক্তির ফলে দেশটিতে গাড়িচালক, মালি, তত্ত্বাবধানকারী, সেবাকর্মী ইত্যাদি পেশায় লোক নিয়োগের সুযোগ তৈরি হবে। পাশাপাশি নারী গৃহকর্মীদের নিকটাত্মীয়রাও সেখানে কাজের সুযোগ পাবেন।