বাংলাদেশি কর্মীদের সন্তানদের ফেরত পাঠাচ্ছে লেবানন
লেবাননে জন্মগ্রহণকারী বাংলাদেশসহ ছয়টি দেশের অভিবাসী শ্রমিকদের সন্তানদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। লেবাননের নয়টি বেসরকারি প্রতিষ্ঠান এ তথ্য দিয়েছে। তাতে বলা হয়, কোনো কোনো ক্ষেত্রে এসব সন্তানের মাকেও ফেরত পাঠানো হবে। অন্য দেশগুলো হলো: শ্রীলঙ্কা, ফিলিপাইন, ঘানা, দক্ষিণ সুদান ও মাদাগাস্কার। গত মঙ্গলবার নিউইয়র্কভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।
লেবাননে বিদেশিদের প্রবেশ ও বসবাসের অনুমতির দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান জেনারেল সিকিউরিটি সম্প্রতি তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। লেবাননে সন্তানের জন্ম হয়েছে, এমন নিম্ন বেতনের কিছুসংখ্যক অভিবাসী শ্রমিকের সে দেশে থাকার অনুমতি নবায়ন করা হবে কি না, সে প্রসঙ্গে এই সিদ্ধান্ত জানানো হয়।
খবরে বলা হয়, অনেক দিন ধরে লেবাননে বসবাস করছেন, এমন প্রায় এক ডজন অভিবাসী নারীশ্রমিক এ বছর মে মাস থেকে মানবাধিকার সংগঠনগুলোর কাছে অভিযোগ জানানো শুরু করেন। তাঁদের অভিযোগ হলো, তাঁরা তাঁদের ও সন্তানদের লেবাননে বসবাসের কাগজপত্র নবায়ন করতে গেলে তাঁদের ফিরিয়ে দেয় জেনারেল সিকিউরিটি। কাউকে কাউকে বলা হয়, ‘তোমাদের সন্তানদের এখানে থাকার অনুমতি নেই।’ এ কথা বলে তাঁদের অল্প দিনের মধ্যে দেশত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হয়। তাঁরা বলেন, কাউকে আবার ৪৮ ঘণ্টার মধ্যেই দেশ ছাড়তে বলা হয়।
এইচআরডব্লিউর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক উপপরিচালক নাদিম হাউরি বলেন, জেনারেল সিকিউরিটির নতুন নির্দেশনা অনুযায়ী কিছু পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। আবার লেবাননে সন্তান থাকার কারণে কিছু পরিবার চলে যেতে অস্বীকার করেছে। তিনি বলেন, নতুন নীতির ব্যাপারে কোনো ব্যাখ্যা দেয়নি দেশটির কর্তৃপক্ষ। বিষয়টি পারিবারিক জীবনের সঙ্গে জড়িত বলে দেশটির উচিত অবিলম্বে এই নির্দেশনা প্রত্যাহার করা।
লেবাননে বসবাসের অনুমতিবিষয়ক নীতি অনুযায়ী, নিম্ন মজুরির মাত্র কয়েকটি শ্রেিণ, বিশেষ করে গৃহকর্মীরা তাঁদের স্বামী বা সন্তানের জন্য বসবাসের সুবিধা পাওয়ার যোগ্য নন। কিন্তু অতীতে অভিবাসী শ্রমিকেরা তাঁদের লেবাননে জন্মগ্রহণকারী সন্তানের বয়স চার বছর হওয়া পর্যন্ত এক বছর করে বসবাসের অনুমতি চাইতে পারতেন। এরপর সন্তানেরা স্কুলে ভর্তি হলে বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারতেন।