বাংলাদেশি কর্মীদের ১০ জানুয়ারির মধ্যে পাসপোর্ট নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় অবৈধ যেসব বাংলাদেশি বৈধ হওয়ার জন্য আবেদন করেছেন, তাঁদের ২০১২ সালের ১০ জানুয়ারির মধ্যে বাংলাদেশ হাইকমিশন থেকে পাসপোর্ট নিতে হবে।মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) মন্টু কুমার বিশ্বাস গত শুক্রবার ঢাকায় পাঠানো এক বার্তায় এ তথ্য জানান। বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকেও বিষয়টি জানানো হয়েছে।ওই বার্তায় বলা হয়, মালয়েশিয়ায় কর্মরত যেসব বাংলাদেশি বৈধতার জন্য নাম নিবন্ধন করেছেন, তাঁদের প্রয়োজনীয় কাগজপত্রসহ হাইকমিশনে ব্যক্তিগতভাবে হাজির হয়ে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। যাঁরা এখনো পাসপোর্টের জন্য আবেদন করেননি, তাঁদের উচিত নির্ধারিত সময়ের আগেই আবেদন করা।মন্টু কুমার বিশ্বাস এর আগে প্রথম আলোকে বলেন, ‘মোট ছয়টি পর্যায়ে নিবন্ধন কার্যক্রম চলবে। এর মধ্যে প্রথম ধাপ নাম নিবন্ধন। ১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত শ্রমিকদের নাম নিবন্ধন হয়েছে। এখন দ্বিতীয় ধাপ চলছে। ১০ জানুয়ারি এ ধাপ শেষ হবে। এর আগেই কর্মীদের পাসপোর্ট নিতে হবে।’২০১০ সালের জানুয়ারি থেকে বাংলাদেশিদের কাজের অনুমতিপত্র দেওয়া বন্ধ রাখে মালয়েশিয়া। ফলে ২০০৭ ও ২০০৮ সালে কলিং ভিসায় যাওয়া বাংলাদেশিরা অবৈধ হয়ে পড়েন। দীর্ঘদিন পর চলতি বছর এ শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ দেয় মালয়েশিয়া।জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী প্রথম আলোকে জানান, বৈধকরণ কর্মসূচির আওতায় মালয়েশিয়ায় দুই লাখ ৬৭ হাজার ৮০৩ জন অবৈধ বাংলাদেশি শ্রমিক নাম নিবন্ধন করেছেন। তাঁরা সবাই শেষ পর্যন্ত বৈধ হওয়ার সুযোগ পাবেন।