বাংলাদেশি কারিগরি শিক্ষানবিশে আগ্রহ জাপানের
বাংলাদশ থেকে কারিগরি শিক্ষানবিশ (টেকনিক্যাল ইন্টার্ন) নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপান। জাপানের আন্তর্জাতিক জনশক্তি উন্নয়ন সংস্থার (আইএমডিও) ব্যবস্থাপনা পরিচালক কাজু তুসবোতা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের কাছে এ আগ্রহ প্রকাশ করেন।
কাজু আজ সোমবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে গিয়ে খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠক করেন। এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশ জাপানের দীর্ঘ পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে জাপান সহায়তা করে আসছে। ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে বলে আশা করে বাংলাদেশ।
আইএমডিওর ব্যবস্থাপনা পরিচালক কাজু বলেন, ‘জাপানে প্রতিবছর দুই হাজার ৩০০ টেকনিক্যাল ইন্টার্নের চাহিদা রয়েছে। বিভিন্ন দেশ থেকে এই কর্মী নেওয়া হয়। বাংলাদেশের কর্মীরা প্রয়োজনীয় জাপানি ভাষা ও প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে এ সুযোগ গ্রহণ করতে পারে।’
প্রবাসীকল্যাণমন্ত্রী এ সময় বলেন, ‘এখন বাংলাদেশে পাঁচটি মেরিন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটসহ ৭১টি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে। তাতে ৪৭টি ট্রেডে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। তাই জাপানের চাহিদা অনুযায়ী টেকনিক্যাল ইন্টার্নসহ যেকোনো পরিমাণ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী জাপানে পাঠানো সম্ভব।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটির) মহাপরিচালক বেগম শামছুন নাহার ও জাপান আইএমডিওর উপব্যবস্থাপনা পরিচালক কুনিকা ইয়োসিদা এ সময় উপস্থিত ছিলেন।