বাংলাদেশি কিশোরকে পেটাল বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বোরো খেতে সেচ দেওয়ার সময় এসএসসি পরীক্ষার্থী এক কিশোরকে নির্মমভাবে পিটিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার জগতবেড় ইউনিয়নের পূর্বনাজির গোমানী সীমান্তে এ ঘটনা ঘটে।এদিকে অনুপ্রবেশের অভিযোগে উপজেলার শ্রীরামপুর সীমান্তের ওপারে ভারতীয় ভেলকু সীমান্ত থেকে গত বুধবার দিবাগত রাতে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ। আটক ব্যক্তিরা হলেন উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৬৫ বাড়ি গ্রামের আলাউদ্দিনের ছেলে আনু মিয়া ও মাস্টারপাড়া গ্রামের বরমান আলীর ছেলে হাবিবুর রহমান।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে ককোয়াবাড়ী এলাকার গোলজার হোসেনের ছেলে এসএসসি পরীক্ষার্থী রুজেন (১৬) পূর্বনাজির গোমানী সীমান্তে একটি বোরো খেতে কাজ করছিল। এ সময় ভারতের কোচবিহার ফালাকাটা ৩৫ বিএসএফ ব্যাটালিয়নের সাতগাছিবালারহাট বিএসএফ ক্যাম্পের একটি টহল দল বাংলাদেশের ভেতরে ঢুকে রুজেনকে পিটিয়ে আহত করে। পরে গ্রামবাসী ছুটে গিয়ে রুজেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ ছাড়া বুধবার রাতে শ্রীরামপুর ইউনিয়নের পকেট সীমান্তের ৮৫৪ নম্বর মেইন পিলারের ৩ উপপিলারের কাছ দিয়ে বাংলাদেশের ১০-১২ জন গরু ব্যবসায়ী ভারতের ভেলকু গরু আনতে যান। ফেরার সময় বিএসএফ ধাওয়া করে আনু মিয়া ও হাবিবুর রহমানকে আটক করে নিয়ে যায়।বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের বুড়িমারী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খাদেমুল ইসলাম বলেন, আটক ব্যাক্তিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতের ভেতর থেকে বিএসএফ তাঁদের আটক করেছে। গতকাল সকালে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বিএসএফ জানিয়েছে, যেহেতু তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে, তাই বিএসএফ তাঁদের ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করেছে।লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিএসএফ তাদের ভুল স্বীকার করে পরবর্তী সময়ে এ ধরনের ঘটনা ঘটবে না বলে বিজিবিকে প্রতিশ্রুতি দিয়েছে।