বাংলাদেশি কিশোরীকে ফেরত পাঠানোর উদ্যোগ
দুই বছর আগে ভারতের অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়ায় পাচার হয়ে আসা এক বাংলাদেশি কিশোরীকে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে অন্ধ্র প্রদেশ সরকার। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়া রেলস্টেশনে পাচারকারী চক্রের হাত থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
ওই কিশোরীর বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলায়। সে পুলিশকে জানায়, ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাকে ভারতে নিয়ে আসে একটি দালাল চক্র। পুলিশ তাকে উদ্ধার করে বিজয়ওয়াড়ার সরকারি হোমে পাঠায়। দীর্ঘ দুই বছর সে হোমে থাকার পর আদালতের নির্দেশক্রমে অন্ধ্র প্রদেশ সরকার তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়।
গত শুক্রবার অন্ধ্র প্রদেশের কৃষ্ণা জেলার চাইল্ড প্রোটেকশন অফিসার বিজয় কুমার ওই কিশোরীকে পশ্চিমবঙ্গ সরকারের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেন বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য। বর্তমানে সে কলকাতার অল বেঙ্গল চাইল্ড অ্যান্ড উইমেন্স হোমে রয়েছে। কিশোরীটি যাতে দ্রুত দেশে তার পরিবারের কাছে ফিরে যেতে পারে, সে জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে বাংলাদেশ উপহাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
আগামী সপ্তাহেই কিশোরীটিকে বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। জানা গেছে, জাতিসংঘের রিফিউজি হাইকমিশনারের পক্ষ থেকেও কিশোরীটিকে বাংলাদেশে ফেরত পাঠানোর কী হলো তা জানতে চেয়ে খোঁজখবর করা হয়েছে। অন্ধ্র প্রদেশ সরকারের কাছে একটি রিপোর্টও চাওয়া হয়েছে।