বাংলাদেশি কূটনীতিকেরা দেশ থেকে গৃহকর্মী নিতে পারবেন না
যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন মিশনে কর্মস্থলে যাওয়ার সময় এখন থেকে আর দেশ থেকে গৃহকর্মী নিতে পারবেন না বাংলাদেশের কূটনীতিকেরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বাংলাদেশের দুই কূটনীতিকের বিরুদ্ধে মামলা হওয়ার কারণে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার দুপুরে এই প্রতিবেদককে বলেন, নিউইয়র্কের ওই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে কূটনীতিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এখন থেকে বিদেশে বাংলাদেশের মিশনগুলোর প্রধানদের জন্য স্থায়ী ও স্থানীয়ভাবে পাচক নিয়োগের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। এটি অনুমোদন হলে বিদেশি মিশনগুলোতে ওই পদে লোক নিয়োগ করা হবে।
গত ১২ জুন শ্রমিক পাচার, গৃহকর্মীকে নির্যাতন ও ভয় দেখিয়ে তাঁকে বিনা বেতনে কাজ করানোর অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশের উপ-কনসাল জেনারেল মো. শাহেদুল ইসলামকে পুলিশ তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে। পরে মুচলেকা দিয়ে তিনি মুক্তি পান।
এরপর ২১ জুন জাতিসংঘে কর্মরত বাংলাদেশের কূটনীতিক হামিদ রশিদের বিরুদ্ধে শ্রমিক নির্যাতন ও বেতন কম দেওয়ার অভিযোগ আনেন তাঁর গৃহকর্মী। তিনি গ্রেপ্তারের পর জামিন পান।
গৃহকর্মীর একই রকমের অভিযোগে ২০১৪ সালে নিউইয়র্কে বাংলাদেশের তৎকালীন কনসাল জেনারেল মনিরুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলার নোটিশ দেওয়ার মাঝপথে তিনি নিউইয়র্ক ছেড়ে যান।