বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে নির্যাতন করল বিএসএফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বাংলাদেশি এক কৃষকের ওপর ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অমানুষিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।গত শুক্রবার সকালে নওগাঁর পোরশা উপজেলার কাতলামারীচর সীমান্ত এলাকা থেকে ওই কৃষককে ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালায় বিএসএফ। নির্যাতনের শিকার কৃষকের নাম সুফল সিংহ (৫৯)। বাড়ি উপজেলার দুয়ারপাল গ্রামে। নির্যাতনের শিকার সুফল প্রথম আলোকে বলেন, শুক্রবার সকালে তিনি কাতলামারীচরে নিজের জমিতে ধান কাটছিলেন। ১০টার দিকে ভারতের টিক্কাপাড়া সীমান্ত ফাঁড়ির দুই বিএসএফ সদস্যকে নো-ম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। একপর্যায়ে ওই দুই সদস্য তাঁর কাছে ইশারায় পানি চান। তিনি পানি নিয়ে কাছে গেলে বিএসএফের ওই দুই সদস্য তাঁকে ধরে টেনেহিঁচড়ে একটি টহল চৌকিতে নিয়ে যান। সেখানে তাঁর পরনের লুঙ্গি ও জামা ছিঁড়ে দুই হাত পিছমোড়া করে বাঁধেন। পরে রাইফেলের বাঁট, বেতের লাঠি ও কোমরের বেল্ট দিয়ে তাঁর ওপর অমানুষিক নির্যাতন চালায় বিএসএফ।সুফল বলেন, প্রায় এক ঘণ্টা তাঁর ওপর নির্যাতন চলার পর বিএসএফের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে আসেন। এ সময় তাঁর ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়। পরে তাঁর চেতনাশক্তি লোপ পায়। এর পরের ঘটনা তিনি আর স্মরণ করতে পারেন না। একাধিক গ্রামবাসী জানান, সুফলকে বেলা আড়াইটার দিকে সংজ্ঞাহীন অবস্থায় সীমান্তের ৩২ নম্বর খুঁটিসংলগ্ন এলাকায় ফেলে রেখে যায় বিএসএফ। সুফলের ছেলে শুকচান সিংহ বলেন, পরে অচেতন অবস্থায় গ্রামবাসী তাঁর বাবাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। তাঁকে একজন পল্লি চিকিৎসক চিকিৎসা দিচ্ছেন। নির্যাতনের ফলে সুফলের পা ফুলে গেছে, শরীরের বিভিন্ন অংশ নীলচে হয়ে গেছে। ঘাড় ও মাথায় আঘাতজনিত কারণে মাথা তুলে দাঁড়াতে পারছেন না তিনি।নির্যাতনের সত্যতা নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নীতপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার আখতার হোসেন বলেন, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফের টিক্কাপাড়া সীমান্ত ফাঁড়িতে চিঠি পাঠানো হয়েছে।লাশ ফেরত: বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা জানান, দিনাজপুরের বিরামপুর সীমান্তে বিএসএফের ককটেল নিক্ষেপে নিহত বাংলাদেশি সাইদুর রহমানের (৪৫) লাশ গতকাল শনিবার ফেরত দিয়েছে বিএসএফ। গত শুক্রবার বিএসএফের ককটেল নিক্ষেপে তিনি নিহত হন। বিজিবি সূত্র জানায়, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে বিরামপুর সীমান্তের ২৯১-এর সাব-পিলার ২০-এর কাছে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সাইদুরের লাশ বিজিবি ও বিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।