বাংলাদেশি কৃষকের ঘর পুড়িয়ে দিয়েছে বিএসএফ!
পঞ্চগড়ের হাড়িভাসা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা বাংলাদেশি এক কৃষকের ঘর গতকাল রোববার সকালে আগুনে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। তবে আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করেছে বিএসএফ।
সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের টিয়াপাড়া গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান নামের ওই কৃষকের অভিযোগ, তিনি দুই যুগ ধরে যে বাড়িতে বসবাস করে আসছেন, সেখানে গতকাল নতুন একটি ছনের ঘর তুলতে শুরু করেন। ভারতের টিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির একদল বিএসএফ সদস্য গতকাল সকালে এসে ঘরটিতে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরটি মুহূর্তেই পুড়ে যায়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ দুই দিন আগে যৌথভাবে ওই জায়গার সীমানা নির্ধারণ করে দিয়েছিল।
এ ঘটনায় গতকাল দুপুরে টিয়াপাড়া সীমান্তে বিজিবি-বিএসএফ তাৎক্ষণিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশি কৃষকের ঘরে আগুন দেওয়ার তীব্র প্রতিবাদ জানায় বিজিবি।
বিএসএফের টিয়াপাড়া কোম্পানি কমান্ডার এসসি রাজেশ ওই ঘটনায় বিএসএফের সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখ্যান করেন। তবে শূন্যরেখায় নতুন ঘর নির্মাণের উদ্যোগে বিএসএফ বাধা দিয়েছে বলে স্বীকার করেন।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুল হক বলেন, আসাদুজ্জামানের বাড়িটির অবস্থান শূন্যরেখার মধ্যে। তাই বিএসএফ নতুন ঘর নির্মাণে বাধা দিয়েছে। আগুন লাগানোর ঘটনায় বিএসএফ এবং গ্রামবাসী পরস্পরকে দায়ী করছে।