বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আজান বারী (৪০) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে তাঁকে আটক করা হয়।
বিজিবি ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার হাবিবপুর গ্রামের মটর মণ্ডলের ছেলে আজান বারী বেনীপুর সীমান্তে ৬২ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারের পাশ দিয়ে ভারতে যান। ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় সীমান্তের ২০০ মিটার অভ্যন্তরে ১৭৩ বিএসএফ পুটখালী বিশেষ ক্যাম্পের সদস্যদের হাতে তিনি ধরা পড়েন ।
আজান বারীর আটকের ঘটনায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বেনীপুর সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুপ্রবেশের অভিযোগে আজান বারীকে পশ্চিমবঙ্গের কেষ্টগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় তাঁকে মুক্ত হতে হবে।
চুয়াডাঙ্গার বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।