বাংলাদেশি গলাকাটা পাসপোর্টসহ পাঁচ রোহিঙ্গা আটক
বাংলাদেশি গলাকাটা পাসপোর্ট নিয়ে সৌদি আরব যাওয়ার সময় গতকাল শুক্রবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচ রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছেন আর্মড পুলিশের সদস্যরা।আর্মড পুলিশের সূত্র জানায়, সকালে কুয়েত এয়ারওয়েজের একটি উড়োজাহাজে এই পাঁচজনের সৌদি আরব যাওয়ার কথা ছিল। তাঁরা বহির্গমন টার্মিনালে ঢোকার পর সন্দেহবশত আর্মড পুলিশের সাদা পোশাকের সদস্যরা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে আর্মড পুলিশের সদস্যরা বুঝতে পারেন, ওই পাঁচজন বাংলায় কথা বলতে পারেন না। পরে তাঁদের পাসপোর্টগুলো অভিবাসন পুলিশের ডকুমেন্ট এনালাইসিস সেন্টারে পরীক্ষা করে দেখা যায়, এগুলোর ছবি পরিবর্তন করা হয়েছে। পরে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা জানান, দালালের মাধ্যমে নাম ও ছবি পরিবর্তন করা পাসপোর্ট সংগ্রহ করে তাঁরা সৌদি আরব যাচ্ছিলেন।আটক পাঁচজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় পাসপোর্ট আইনে একটি মামলা করা হয়েছে।