বাংলাদেশি গৃহকর্মীর আত্মত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে চার শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন বাংলাদেশি গৃহকর্মী সাফিয়া। গত বৃহস্পতিবার আবুধাবির দাবিয়া সমুদ্রসৈকতে ডুবে যাওয়ার সময় ওই চার শিশুকে রক্ষা করতে পারলেও বাঁচতে পারেননি তিনি। সাফিয়ার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সাফিয়ার মনিব আবু আবদুল্লাহ জানান, সাফিয়া প্রায় চার বছর ধরে তাঁদের সঙ্গে আছেন। বৃহস্পতিবার তাঁর ছেলে তিন বন্ধুসহ সমুদ্রসৈকতে যায়। একপর্যায়ে চারজনই পানির তোড়ে ভেসে যাচ্ছিল। সাফিয়া জীবনের ঝুঁকি নিয়ে একে একে সবাইকে টেনে সৈকতের কাছে আনতে পারলেও শেষ পর্যায়ে নিজে সৈকতে উঠতে পারেননি। তবে শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হলেও অ্যাম্বুলেন্স আসার আগেই মারা যান সাফিয়া। আবদুল্লাহ জানান, চার শিশুরই বয়স ৬ থেকে ১০ বছরের মধ্যে।
আবু আবদুল্লাহ জানান, মরদেহ সাফিয়ার পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করছেন। সাফিয়ার স্বজনদের আর্থিক সহায়তা দিতে একটি তহবিল গড়ছেন। সূত্র: এমিরেটস ২৪/৭।