বাংলাদেশি চ্যানেলের ভারতে ডাউনলিংকে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে কোনো স্যাটেলাইট চ্যানেল চাইলে ভারতে ডাউনলিংক করতে পারবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। ১৪ জুন ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে যদি কোনো প্রতিষ্ঠান ভারতে চ্যানেল ডাউনলিংকের জন্য আবেদন করে, ভারতের তথ্য ও সম্প্রচার নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় সহায়তা পাবে। এতে বলা হয়, বাংলাদেশের কোনো স্যাটেলাইট চ্যানেল এখনো পর্যন্ত ভারতে ডাউনলিংকের জন্য দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করেনি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গত ৫ ডিসেম্বর অন্য দেশ থেকে ভারতে এবং ভারতের কোনো স্যাটেলাইট চ্যানেল ডাউনলিংক ও আপলিংকের নীতিমালা জারি করেছে। এই নীতিমালা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। নীতিমালায় সুস্পষ্টভাবে বলা হয়েছে, ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশের কোনো চ্যানেল ভারতে ডাউনলিংকের জন্য কোনো বিধিনিষেধ আরোপ করেনি। বিদ্যমান নীতিমালা অনুযায়ী আবেদনকারী প্রতিষ্ঠানকে তাদের পরিচালক, চেয়ারপারসন, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিপণন বিভাগের প্রধানসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তার বিস্তারিত বিবরণ দিতে হবে। এ ছাড়া পূর্ণাঙ্গ কারিগরি বিবরণ, মনিটরিং ও রেকর্ডের ৯০ দিনের মধ্যে দেখাতে হবে। নীতিমালা অনুযায়ী নিবন্ধন ও ডাউনলিংক অনুমোদনের মেয়াদ ১০ বছরের জন্য কার্যকর থাকবে। বিজ্ঞপ্তি।