বাংলাদেশি ছিটমহলবাসীর ওপর ভারতীয়দের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তবর্তী বাংলাদেশি ছিটমহল মধ্য মশালডাঙ্গায় গত বুধবার ভারতীয় সন্ত্রাসীদের হামলায় ৩২ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ছিটমহলের এক বাংলাদেশি নাগরিকের জমি দখল করতে ভারতীয় সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে এ হামলা চালায়। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। তবে গতকাল শুক্রবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।ছিটমহলবাসী জানান, ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের বাঁশজানী সীমান্ত থেকে তিন কিলোমিটার দূরে ভারতের অভ্যন্তরে বাংলাদেশি ছিটমহল মধ্য মশালডাঙ্গা অবস্থিত। ছিটমহলের বাসিন্দা বাংলাদেশি নাগরিক নওশের আলীর ১৪ বিঘা পৈতৃক সম্পত্তি দখলের জন্য ভারতের দিনহাটা মহকুমার নাজিরহাট অঞ্চলের পঞ্চায়েত-প্রধান সুধীর বিশ্বাসসহ সেই দেশের সিপিএম দলের কর্মীরা দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছেন। এর ধারাবাহিকতায় সুধীর বিশ্বাস নওশেরকে নাজিরহাট-১ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে সালিস বৈঠকে হাজির হতে একাধিক নোটিশ দেন। নওশের এক বৈঠকে হাজির হয়ে তাঁর জমির কাগজপত্র সুধীরের কাছে জমা দেন। বৈঠকে এই কাগজপত্র ভুয়া উল্লেখ করে তাঁকে নানা ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে নওশের কৌশলে বাড়িতে চলে আসেন। ২১ এপ্রিল নওশেরকে আবারও সালিসে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি ওই সালিসে যাননি। এতে সুধীর ক্ষিপ্ত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গত বুধবার সকালে সুধীর ও ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নাজিরহাট অঞ্চলের গাঁওচুলকা গ্রামের কিছু দুষ্কৃতকারীর নেতৃত্বে শতাধিক ব্যক্তি লাঠিসোঁটা, রড, বল্লম, তির-ধনুক নিয়ে নওশেরের বাড়িতে অতর্কিতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ছিটমহলের মক্তবেও ভাঙচুর চালায়। হামলাকারী দলে গাঁওচুলকা গ্রামের ‘ভূমিদস্যু’ বীনেশ্বর সেন (৩৫), দুলু সেন (৩৮), প্রভাত সেন (৩২), সুশীল ঘোষ (৪২), দীনেশ বর্মণ (৪৫), মোকসুদ আলী সেখ (৪০), জহুরুল সেখ (৩৫), দীপক সেন (৩২) ও মিলন বক্সি (৫২) ছিলেন। ছিটমহলবাসী জানান, আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথেও সুধীরের নেতৃত্বে সন্ত্রাসীরা বাধা দেয়। পরে আহত ব্যক্তিদের তুফানগঞ্জ মহকুমা দিয়ে দিনহাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিনহাটা মহকুমা হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আজিবর হোসেন (২৬), সৈয়দ আলী (৪৫), জয়নাল আবেদীন (৫০), সুফিয়া বেওয়া (৫৫), ইব্রাহিম সেখ (৩০) ও রঘু বিশ্বাস (৩৫)। ছিটমহলবাসী জানান, এ ব্যাপারে তাঁরা বাংলাদেশের ময়দাম বিজিবি ক্যাম্প ও ভারতের দীঘলটারী বিএসএফ ক্যাম্পে অভিযোগ করেছেন। তাঁরা দ্রুত দুই দেশের সরকারের কাছে ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করেন। জানতে চাইলে কুড়িগ্রাম ৪৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক খালেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকে বসার জন্য বৃহস্পতিবার বিকেলে ভারতের সাহেবগঞ্জ বিএসএফ কোম্পানি কমান্ডার এফ টি বেদোলাকে চিঠি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত ভারতীয় পক্ষ কোনো সাড়া দেয়নি। এ ব্যাপারে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়েও প্রতিবাদ জানানোর প্রস্তুতি চলছে।