বাংলাদেশি ছিটমহলের অনেক বাসিন্দা দ্বিধায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা তো কোনো দিন বাংলাদেশ দেখিনি। বাংলাদেশে যাইনি। এখন গিয়ে কী করব? কী খাব?’
এই প্রশ্ন বাত্রিগাছ ছিটমহলের বাসিন্দা রফিকুল ইসলামের। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের এই ছিটমহলবাসী ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির স্থানীয় সাধারণ সম্পাদক।
রফিকুলের মতো এমন অনিশ্চয়তায় আছেন কোচবিহার জেলায় অবস্থিত বাংলাদেশি ছিটমহলের বাসিন্দাদের অনেকেই। প্রথম আলোর এই প্রতিবেদক গত শনি ও রোববার দিনহাটা মহকুমার পাঁচটি ছিটমহলে সরেজমিন ঘুরে এই চিত্র পেয়েছেন। এসব ছিটমহলের বাসিন্দারা অনিশ্চয়তার জন্যই বাংলাদেশেও ফিরতে চাইছেন না। ভারতের ভূখণ্ডে থাকা ৫১টি ছিটমহলের প্রতিটিতেই একই অবস্থা—এমন দাবি ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্তের।
বাত্রিগাছসহ গত দুই দিনে দিনহাটার শিবপ্রসাদ মুস্তারি, করলা, কিসমত এবং মশালডাঙ্গা ছিটমহলে যান এই প্রতিবেদক। বাত্রিগাছ ছিটমহলে কথা হয় সমন্বয় কমিটির স্থানীয় সভাপতি মহম্মদ আলী মিয়ার (৭৮) সঙ্গে। তিনি বললেন, ‘আমরা এই মাটি ছেড়ে যাচ্ছি না। আমরা ভারতীয় হিসেবেই থাকতে চাই।’
এই ছিটমহলের তরুণ সমাজকর্মী আবুল হোসেন বলেন, ‘এখানে আমরা দুই দেশের মানুষ শান্তিতে পাশাপাশি বাস করছি। আমাদের মধ্যে বিবাদ নেই। এখানকার বন্ধুরাও আমাদের বলছে না যে তোমরা চলে যাও। বরং বলছে, এখানেই থেকে যাও।’
করলা ছিটমহলের সমন্বয়কারী নুর মহম্মদ বললেন, ‘আমরা বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও কোনো সুযোগ-সুবিধা পাইনি। বাংলাদেশ সরকারও আমাদের খোঁজ নেয়নি। এখন গিয়ে কী করব?’
শিবপ্রসাদ মুস্তারি ছিটমহলের সুমন বর্মণ, কিসমতের সমন্বয়কারী আলাউদ্দিন মিয়া, করলার আইনুল হক, মধ্য মশালডাঙ্গার সালমা বেগম, সুফিয়ার কণ্ঠেও একই কথা। তাঁরা ভারতে থেকে যেতে চান। মশালডাঙ্গার কবির উদ্দিন বলেন, ‘এবার দীর্ঘ ৬৮ বছরের যন্ত্রণা থেকে মুক্তি পাব। এখানকার মাটির সঙ্গে থেকে কষ্টের দিনগুলো কাটিয়ে এসেছি। আগামীর সুখের স্বপ্ন নিয়ে বাঁচতে চাই।’
কোচবিহার জেলায় রয়েছে বাংলাদেশের ৫১টি ছিটমহল। এখানে বাস করছেন ১৪ হাজার ২২১ জন বাংলাদেশি।
ভারত সরকার বাংলাদেশে থাকা ভারতীয় ছিটমহল থেকে যেসব লোকজন এ দেশে ফিরে আসবেন, তাঁদের জন্য ‘পুনর্বাসন প্যাকেজ’ ঘোষণা করেছে।