বাংলাদেশি জাহাজ মালয়েশিয়ায় আটক দুর্ভোগে ২৩ নাবিক
মালয়েশিয়ার পোর্ট কেলাং বন্দরের কাছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বঙ্গ বিরাজকে প্রায় দেড় মাস ধরে আটকে রাখা হয়েছে। জাহাজটির মোট ২৩ জন নাবিকের সবাই বাংলাদেশি এবং এর মালিক বাংলাদেশি প্রতিষ্ঠান এইচআরসি শিপিং লাইনস। প্রায় নয় কোটি টাকা ক্ষতিপূরণ না দেওয়ায় জাহাজটি আটক করা হয় বলে জানা গেছে।জাহাজের জুনিয়র প্রকৌশলী শফিউল্লাহ গত সোমবার দুপুরে জাহাজ থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘দেড় মাস ধরে আমরা সাগরে অবরুদ্ধ। আমাদের উপকূলে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। সাত থেকে ১৫ দিন পরপর অল্প পরিমাণ খাবার সরবরাহ করা হচ্ছে। জাহাজে মজুদকরা খাবার শেষ হয়েছে অনেক দিন আগেই। আমরা এই দুর্দশা থেকে মুক্তি চাই। আমরা দেশে ফিরতে চাই।’ জাহাজের দ্বিতীয় প্রকৌশলী হাবিবুর রহমানসহ বেশ কয়েকজন নাবিক এভাবে দুই সপ্তাহ ধরে টেলিফোন করে তাঁদের দুরবস্থার কথা প্রথম আলোকে জানাচ্ছেন।বিভিন্ন সূত্রে জানা গেছে, এমভি বঙ্গ বিরাজ ২০০৮ সালের অক্টোবরে পোর্ট কেলাং বন্দরের একটি গ্যান্ট্রি ক্রেনের (কনটেইনার ওঠানো-নামানোর আধুনিক যন্ত্র) ক্ষতিসাধন করে। ক্ষতিপূরণ বাবদ বন্দর কর্তৃপক্ষ এইচআরসি শিপিং লাইনসের কাছে ৪০ লাখ রিংগিত (মালয়েশিয়ার মুদ্রা) বা বাংলাদেশি আট কোটি ৮০ লাখ টাকা দাবি করে। কিন্তু এইচআরসি শিপিং বিভিন্ন কারণ দেখিয়ে ওই অর্থ দেয়নি। এ কারণে গত ৪ মে জাহাজটি পোর্ট কেলাংয়ে গেলে ওই দেশের আদালতের নির্দেশে জাহাজটি আটক করা হয়। জানা গেছে, এমভি বঙ্গ বিরাজ চট্টগ্রাম-সিঙ্গাপুর ও পোর্ট কেলাংয়ের মধ্যে নিয়মিত চলাচল করে। জাহাজটি ৪১৪ টিইইউএস (প্রতিটি ২০ ফুট দীর্ঘ কনটেইনার হিসাব করে) কনটেইনারভর্তি পণ্য নিয়ে গত ৪ মে সকালে পোর্ট কেলাংয়ে যায়। খালাস শেষ হলে ওই দিন বিকেলে জাহাজটি আটক করে বন্দরের অদূরে মাঝসমুদ্রে রাখা হয়।জানা গেছে, চট্টগ্রাম বন্দর থেকে যাত্রার সময় জাহাজটিতে মজুদকরা খাবার দিয়ে কোনোমতে এক মাস চালানো যায়। দুই সপ্তাহ ধরে নাবিকেরা দুর্দশায় আছেন। আটকের পর ২০-২৫ দিন মালিকপক্ষ নাবিকদের সঙ্গে যোগাযোগ রাখেনি বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের কয়েক মাসের বেতনও বকেয়া রয়েছে। মুঠোফোনে মালয়েশিয়ায় যোগাযোগ করা হলে এমভি বঙ্গ বিরাজের ক্যাপ্টেন কে এম আলমগীর ৪ মে জাহাজ আটকের বিষয়টি নিশ্চিত করেন। প্রথম আলোকে তিনি বলেন, পোর্ট কেলাং বন্দরের ক্ষতিপূরণ না দেওয়ায় জাহাজটি ‘অ্যারেস্ট’ হয়েছে। তিনি জানান, তাঁর নিজের তিন মাসের বেতন বকেয়া আছে।এইচআরসি শিপিংয়ের সহকারী মহাব্যবস্থাপক (ফিডার) মো. আবদুল মোমিন বলেন, ‘জাহাজটি ছাড়ানোর জন্য সমঝোতা চলছে। জাহাজটি আটকের কারণ ও সর্বশেষ পরিস্থিতি আমাদের আইন শাখা ভালো বলতে পারবে।’ জাহাজের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বন্ধের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমাদের মালয়েশিয়ার কার্যালয় সবকিছু দেখাশুনা করছে।’নাবিকদের বেতন-ভাতা বাকি পড়ার বিষয়টি স্বীকার করে মোমিন বলেন, ক্যাপ্টেনসহ স্টাফদের দুই-তিন মাসের বেতন বাকি থাকা সমুদ্রগামী জাহাজগুলোর ক্ষেত্রে খুব স্বাভাবিক। বিশ্বে এমন একটি কোম্পানিও নেই, যার এ ধরনের বেতন বাকি নেই।