বাংলাদেশি জাহাজে নজরদারি করতে চায় ভারত!
বাংলাদেশ থেকে ভারতে যাওয়া এবং সুন্দরবনের পাশ (ভারতীয় অংশ) দিয়ে যাওয়া পণ্যবাহী জাহাজগুলোর গতিবিধি নজরদারির ওপর গুরুত্বারোপ করেছেন ভারতীয় নৌবাহিনীর এক কর্মকর্তা। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার (২৬/১১) মতো ঘটনা ঠেকাতে হলে এ কাজটি করা দরকার বলে মন্তব্য করেন তিনি।
পশ্চিমবঙ্গের ন্যাভাল অফিসার ইনচার্জ কমোডর রবি আহলুওয়ালিয়া গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। গতকাল শুক্রবার ভারতের দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
২০০৮ সালের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহত হয়। লস্কর-ই-তাইয়েবার ১০ অস্ত্রধারী পাকিস্তান থেকে সাগরপথে ভারতে ঢুকে ওই হামলা চালায়।
রবি আহলুওয়ালিয়া বলেন, আবারও মুম্বাই হামলার মতো ঘটনা ঠেকাতে কড়া নজরদারি কাঠামো গড়ে তোলা দরকার। সাম্প্রতিক রিভার সি ভেসেল (আরএসভি) চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে জাহাজ চলাচল করছে। তবে ওই সব জাহাজে কোনো ট্রান্সপোন্ডার (তথ্য আদান-প্রদানের জন্য একধরনের ওয়্যারলেস ব্যবস্থা) থাকে না। তিনি বলেন, নৌ-স্বার্থ সুরক্ষার জন্য এ ব্যবস্থা থাকা উচিত।
ভারতীয় নৌবাহিনীর এই কর্মকর্তা আরও বলেন, জাহাজে ট্রান্সপোন্ডার বসানো একটি প্রয়োজনীয় বিষয়। ইতিমধ্যে জাহাজে এটি বসানোর দাবি মেনে নেওয়া হয়েছে। নৌ-স্বার্থ সুরক্ষার জন্য জাহাজে ট্রান্সপোন্ডার থাকতেই হবে।
উল্লেখ্য, বাংলাদেশের জাহাজগুলো হেমনগর চেকপয়েন্ট দিয়ে ভারতে ঢোকে। এসব জাহাজ পরে কলকাতার হুগলিতে যায়।