বাংলাদেশি দুই তরুণকে আটক করেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্তে গতকাল সোমবার ভোরে জাহাঙ্গীর আলম (২২) ও শহিদুল হক (২৩) নামের বাংলাদেশি দুই তরুণকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
৩০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্র জানায়, বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সুটকাবস্তি গ্রামের ওবায়দুল্লাহর ছেলে জাহাঙ্গীর এবং একই গ্রামের মৃত সাহাবুদ্দিনের ছেলে শহিদুল গরু আনতে সোমবার রাত সাড়ে তিনটার দিকে বেউরঝাড়ি সীমান্তের ৩৮১ নম্বর মেইন পিলার এলাকায় ভারতের ৩০০ গজ ভেতরে যায়। এ সময় ১২১ বিএসএফ বড়বিল্লাহ ক্যাম্পের সদস্যরা তাঁদের আটক করেন।
৩০ বিজিবির গোয়েন্দা কর্মকর্তা মেজর তৌহিদ প্রথম আলোকে জানান, সীমান্ত থেকে বাংলাদেশি আটকের প্রতিবাদ ও পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিজিবির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়। পরে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএসএফ তাদের (বিজিবি) জানিয়েছে, ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই তরুণকে আটক করা হয়েছে এবং তাঁদের পশ্চিমবঙ্গের গোয়ালপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।