বাংলাদেশি দুই সাবেক বন্দীর সঙ্গে ডেমোক্র্যাট নেতা ও'ম্যালির সাক্ষাৎ
অভিবাসী প্রশ্নে নিজেকে সবচেয়ে উদার হিসেবে বর্ণনা করেছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী মার্টিন ও’ম্যালি। অভিবাসন-বিষয়ক এক সম্মেলনে এ দাবি করার আগে তিনি বাংলাদেশি দুই সাবেক বন্দী অভিবাসীর সঙ্গে সাক্ষাৎও করেছেন। খবর হাফিংটন পোস্টের।
মার্টিন ও’ম্যালি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সাবেক গভর্নর। মূলত তিনি নিজেকে অভিবাসীদের প্রতি সবচেয়ে সহানুভূতিশীল মনোনয়নপ্রার্থী প্রমাণ করার মাধ্যমে লড়াইয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। মার্টিন ও’ম্যালি ১৩ ডিসেম্বর থেকে নিউইয়র্কে শুরু হওয়া তিন দিনব্যাপী জাতীয় অভিবাসী অন্তর্ভুক্তি-বিষয়ক সম্মেলনের শেষ দিন গত মঙ্গলবার অংশ নেন। সম্মেলনে ভাষণ দেওয়ার আগে তিনি আবদুল্লাহ জোবায়ের ও মোহাম্মদ আমিনুল ইসলাম নামের দুই বাংলাদেশি অভিবাসীর সঙ্গে সাক্ষাৎ করেন। দুজনই মার্কিন বন্দিশিবিরে আটক থাকার সময় অনশনে যোগ দিয়েছিলেন। সম্প্রতি তাঁরা মুক্তি পান।
জোবায়ের ও আমিনুল মার্কিন এ রাজনীতিককে বলেছেন, নিজ দেশে ফেরত পাঠানো হলে তাঁরা সহিংসতার শিকার হতে পারেন। এ দুজনের সঙ্গে সাক্ষাতের পর সম্মেলনে দেওয়া ভাষণে মার্টিন ও’ম্যালি বলেন, ‘আমাদের জাতীয় নিরাপত্তার প্রতি মারাত্মক হুমকি না হলে এ ধরনের আটক বন্ধ করা উচিত। এই দুজন মানুষকে তাঁদের প্রাপ্য প্রক্রিয়া থেকেও বঞ্চিত করা হয়েছে।’