বাংলাদেশি নাগরিক নির্যাতনের ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ
আরব আমিরাতের আবুধাবি বিমানবন্দরে বাংলাদেশি নাগরিক তানজিন বৃষ্টি ও তাঁর মাকে নির্যাতন এবং হয়রানির ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ঘটনা তদন্তে কমিটি গঠন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।গত বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ ওই ঘটনার শিকার তানজিন বৃষ্টির করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই নির্দেশ দেন। একই সঙ্গে ইতিহাদ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার আশরাফুল কবিরকে ওই ঘটনার ব্যাখ্যা জানাতে তলব করা হয়েছে। ২০ জুলাই তাঁকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৮ জুন আবুধাবি বিমানবন্দরে ইতিহাদ এয়ারলাইনসের কর্মকর্তারা টিকিট থাকা সত্ত্বেও রিট আবেদনকারীকে টরন্টো যেতে দেননি। তাঁরা তানজিন বৃষ্টি ও তাঁর মাকে প্রায় ১০ ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রেখে দেশে ফেরত আসতে বাধ্য করেন। এ নিয়ে একটি জাতীয় দৈনিকে ২ জুলাই প্রতিবেদন প্রকাশিত হয়। এ অবস্থায় গত বুধবার হাইকোর্টে প্রতিকার চেয়ে রিট আবেদন করেন তানজিন বৃষ্টি।বৃহস্পতিবার আবেদনের ওপর শুনানি হয়। আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। মনজিল মোরসেদ বলেন, ঢাকা-আবুধাবি ও আবুধাবি-টরন্টো টিকিট নিয়ে আবেদনকারী ও তাঁর মা ঢাকা থেকে যাত্রা করেছিলেন। আবুধাবিতে যাওয়ার পর তাঁদের আর টরন্টোগামী বিমানে উঠতে দেওয়া হয়নি। আবেদনকারীকে হয়রানি ও নির্যাতন করা হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ ব্যাপারে অবহিত করা হয়।