বাংলাদেশি নাবিকদের সনদের মান নিয়ে প্রশ্ন আইএমওর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রগামী জাহাজের নাবিকদের বাংলাদেশের প্রশিক্ষণ, পরীক্ষা ও সনদের মান নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক নৌ সংস্থা (আইএমও)। বাংলাদেশে প্রশিক্ষণ ও সনদ প্রদানের প্রক্রিয়ায় ‘পদ্ধতিগত মারাত্মক ত্রুটি’ শনাক্ত হয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি। আর তাই ২০০৯ সাল থেকে বাংলাদেশে যেসব প্রশিক্ষণ পরিচালনা ও সনদ দেওয়া হয়েছে, আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী সেগুলো বিবেচনায় না-ও নেওয়া হতে পারে বলে সংস্থাটি সতর্ক করে দিয়েছে।

আন্তর্জাতিক নৌ সংস্থার নৌ নিরাপত্তা বিভাগের নৌ প্রশিক্ষণ এবং মানবসম্পদ শাখার প্রধান এম ফুয়াজউদ্দীন গত ২৮ জুন এক চিঠিতে এসব বিষয় জানান। সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জোবায়ের আহমেদের কাছে চিঠিটি পাঠানো হয়।

চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কমোডর জোবায়ের প্রথম আলোকে বলেন, মূলত মেরিন একাডেমির বেশ কিছু অনিয়মের কারণে এসব অভিযোগ আসছে। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শর্ত না মানায় ইতিমধ্যে দুটি বেসরকারি নাবিক ইনস্টিটিউটের নিবন্ধন বাতিল করা হয়েছে।

আইএমওর এই চিঠি বাংলাদেশের জন্য সতর্কবার্তা বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। কারণ আইএমও চূড়ান্ত পদক্ষেপ নিলে ‘সাদা তালিকা’ থেকে বাদ পড়বে বাংলাদেশ। বাংলাদেশি নাবিকদের জন্য সংকুচিত হয়ে পড়বে বিদেশি জাহাজে চাকরির বাজার। আবার দেশি নাবিক নিয়োগের কারণে বিদেশের বন্দরে সমস্যায় পড়বে বাংলাদেশি জাহাজ। তবে বাংলাদেশকে আরও একবার সুযোগ দিতে চায় আইএমও। তাই আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী নাবিক প্রশিক্ষণ, পরীক্ষা পদ্ধতি পরিচালনা ও সনদ দেওয়া হচ্ছে কি না, তা যাচাই করে নতুন করে স্বতন্ত্র পর্যবেক্ষণ প্রতিবেদন পাঠাতে চিঠি দিয়েছে সংস্থাটি। আইএমওতে আবার প্রতিবেদন পাঠানোর প্রক্রিয়া চলছে উল্লেখ করে কমোডর জোবায়ের বলেন, ‘নাবিক প্রশিক্ষণসহ নানা বিষয়ে অনিয়মের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করি, বাংলাদেশি নাবিকদের কোনো সমস্যা হবে না।’ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাবিকদের জন্য মানসম্পন্ন প্রশিক্ষণ, সনদায়ন ও সতর্ক দৃষ্টি নিবন্ধকরণবিষয়ক আইএমওর আন্তর্জাতিক কনভেনশন (এসটিসিডব্লিউ) রয়েছে। কনভেনশন অনুযায়ী নাবিকদের প্রশিক্ষণ পরিচালনা ও সনদ দেওয়া হচ্ছে কি না, তা যাচাই করে প্রতি পাঁচ বছর পর আন্তর্জাতিক নৌ সংস্থার কাছে একটি স্বতন্ত্র পর্যবেক্ষণ প্রতিবেদন পাঠাতে হয়। কনভেনশন অনুযায়ী সমুদ্র পরিবহন অধিদপ্তর চলতি বছর একটি পর্যবেক্ষণ প্রতিবেদন পাঠায়।

আইএমওর একটি অভিজ্ঞ প্যানেল প্রতিবেদনটি পর্যালোচনা করে নানা অসংগতি খুঁজে পায়। দুই পৃষ্ঠার পর্যালোচনায় প্যানেল বলছে, নাবিক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে পরিদর্শনের সংশয়, পরিদর্শনে ত্রুটি শনাক্ত হয়েছে কি না, বাংলাদেশের প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি। তা ছাড়া, অপ্রাসঙ্গিকভাবে ২০০৯ সালের প্রতিবেদন পাঠানো হয়েছে ২০১৩ সালে। প্রশিক্ষণ, পরীক্ষা ও সনদ প্রদানের পদ্ধতিতে ধারাবাহিক ত্রুটি শনাক্ত হয়েছে বলেও প্যানেলের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়। তবে সুনির্দিষ্টভাবে কোনো ত্রুটি উল্লেখ করা হয়নি।