
বাণিজ্য ভারসাম্য হ্রাসে চীনের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশে আরও সুবিধা চেয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ আরও বৃদ্ধি করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল শনিবার বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককালে আবদুল হামিদ এই আহ্বান জানান। খবর বাসসের। বৈঠকের পর রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বলেন, আধা ঘণ্টার বৈঠকে উভয় দেশের প্রেসিডেন্ট অর্থনীতি ও পারস্পরিক স্বার্থসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।
বৈঠকে রাষ্ট্রপতি বলেন, চীন বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু দেশ এবং দুই দেশের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশীসুলভ সম্পর্ক বিগত বছরগুলোতে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।
এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেন এবং বাংলাদেশের জন্য চীনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকে (এআইআইবি) বাংলাদেশ যোগ দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন জিনপিং। তিনি বলেন, আগামী বছর বাংলাদেশ থেকে ১০০ তরুণকে চীন সফরের আমন্ত্রণ জানানো হবে।
পরে আবদুল হামিদ চীনের ভাইস প্রেসিডেন্ট লি ইউয়ানশাওয়ের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে যোগ দেন।
আলোচনা অনুষ্ঠানে ভাষণ: বাসস জানায়, রাষ্ট্রপতি আবদুল হামিদ গতকাল বেইজিংয়ে অ্যাপেক সিইও শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে যোগাযোগ অংশীদারত্ব শক্তিশালীকরণ সম্পর্কিত এক আলোচনা অনুষ্ঠানে ভাষণ দেন। বেইজিংয়ের ফাং হুয়া হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, এ অঞ্চলের লাখ লাখ দরিদ্র এবং প্রান্তিক ও জাতিগত গোষ্ঠীর মানুষের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য সুযোগ সৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার অর্থনৈতিক করিডর (বিসিআইএম-ইসি) খুবই গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে স্বাগতিক দেশ চীনসহ পাকিস্তান, মিয়ানমার, কম্বোডিয়া, মঙ্গোলিয়া ও লাওসের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা এবং এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিকবিষয়ক জাতিসংঘ কমিশনের (ইসকাপ) প্রধান অংশ নেন।
আবদুল হামিদ বলেন, প্রাচীন দক্ষিণাঞ্চলীয় সিল্ক রোড পুনরায় চালু করার ক্ষেত্রে চীনের জন্য সহায়ক হবে বিসিআইএম-ইসি এবং অন্য দেশগুলোর জন্য বিসিআইএম-ইসি সংযোগ অর্থনৈতিক অগ্রগতির সুযোগ সৃষ্টি করবে, টেকসই উন্নয়নের দ্বার উন্মোচিত হবে এবং জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।