বাংলাদেশি পর্যটক অপহরণের কথা অস্বীকার এএলপির
তিন বাংলাদেশি পর্যটককে অপহরণের কথা অস্বীকার করেছে মিয়ানমারের আরাকান লিবারেশন পার্টি (এএলপি)। সম্প্রতি মিয়ানমারের সরকারের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষরকারী রাখাইন প্রদেশভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, তাদের ভাবমূর্তি নষ্ট করতেই এমন অভিযোগ করা হয়েছে। খবর মিয়ানমার টাইমসের।
খবরে বলা হয়, ঢাকার মিরপুরের দুই পর্যটক ও তাঁদের এক গাইড ৩ অক্টোবর বান্দরবান জেলার বগা লেক এলাকা থেকে নিখোঁজ হন। পরে বাংলাদেশের গণমাধ্যমের খবরে দাবি করা হচ্ছিল, বাংলাদেশের সেনাবাহিনীর মতো উর্দি পরা ১০ ব্যক্তি ওই তিনজনকে অপহরণ করে। এরপর এএলপির পক্ষ থেকে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এএলপির সদস্য ইউ খাইন অংসান ফাইউ গত শনিবার বলেন, ওই এলাকায় অনেকগুলো সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রয়েছে, যার মধ্যে বাংলাদেশি উপজাতি সশস্ত্র গোষ্ঠীও রয়েছে। তিনি বলেন, ‘আমরা শুনেছি যে, সেখানে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের ঘাঁটি রয়েছে। আমরা এসব লোককে অপহরণ করিনি। আমরা তাঁদের মুক্তির জন্য কোনো দাবিও করিনি।’