বাংলাদেশি পর্যটকদের ভারতে আসা-যাওয়া সহজ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পর্যটকদের ভারতে প্রবেশ ও প্রস্থানের ক্ষেত্রে বিধিনিষেধ সহজ করা হয়েছে। সংশোধিত নির্দেশিকা অনুযায়ী, ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং হরিদাসপুর ও গেদের সমন্বিত চেকপোস্ট (আইসিপি) দিয়ে যাতায়াতকারী বাংলাদেশি নাগরিকদের ভিসায় প্রবেশ ও প্রস্থান নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

বাংলাদেশি পর্যটকেরা এত দিন ভারতের ভিসার আবেদনে প্রবেশ ও প্রস্থানের ক্ষেত্রে যে বন্দর উল্লেখ করতেন, তার বাইরে অন্য কোনো বন্দর ব্যবহার করতে পারতেন না। সংশোধিত নির্দেশিকা অনুযায়ী ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর ও দুটি সমন্বিত চেকপোস্টের ক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা আর থাকছে না।

আজ সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি ও যাতায়াতকে আরও সুগম করার লক্ষ্যে সংশোধিত নির্দেশিকাটি জারি করা হয়েছে।

ভারতের যে ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দরে নিষেধাজ্ঞা থাকছে না, সেগুলো হচ্ছে আহমেদাবাদ, আমৌসি (লক্ষ্মৌ), বারানসি, বেঙ্গালুরু, কালিকট, চেন্নাই, কোচিন, কোয়েম্বাটোর, ডাবোলিম (গোয়া), দিল্লি, গোয়া, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, কলকাতা, ম্যাঙ্গালোর, মুম্বাই, নাগপুর, পুনে, অমৃতসর, ত্রিচি, ত্রিবান্দ্রম, বাগডোগরা ও চণ্ডীগড়।