বাংলাদেশি পাঁচ শ্রমিকেরমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের শারজায় একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে বাংলাদেশি পাঁচ শ্রমিকের মৃত্যু এবং দুজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের বাড়ি শরীয়তপুর জেলায়। গত রোববার রাতে গুদামে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হলেন নড়িয়া উপজেলার চাকধ গ্রামের গিয়াস উদ্দিন হাওলাদারের ছেলে বাচ্চু হাওলাদার (৩৬), দুলখণ্ড গ্রামের আবদুল হামিদ শেখের ছেলে জাকির হোসেন (৩২), সদর উপজেলার সুজন দোয়াল গ্রামের ইউসুফ আলী মল্লিকের ছেলে আল-আমিন (৩০), উত্তর গ্রামচিকন্দি গ্রামের জয়নাল বেপারীর ছেলে খবির বেপারী (২৫) ও একই গ্রামের মৃত হোসেন দেওয়ানের ছেলে মোহামঞ্চদ আলী (২৫)। এ ছাড়া শারজার কুয়েতি হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সদর উপজেলার বুড়িরহাট গ্রামের বিমল চন্দ্র ও চরডোমসার গ্রামের মনির হোসেন।

নিহত শ্রমিকদের স্বজনেরা জানান, রোববার রাতে শারজায় একটি রাসায়নিক গুদামে কয়েকজন বাংলাদেশি শ্রমিক কাজ করছিলেন। তখন গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হলে কয়েকজন শ্রমিক অগ্নিদগ্ধ হন। তাঁদের শারজায় আল কাশমির ও কুয়েতি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কয়েকজন শ্রমিক সোমবার মারা যান। খোঁজ নিয়ে জানা গেছে, খবির বেপারী ১১ মাস আগে কাজের সন্ধানে আরব আমিরাতে যান। পরিবারের সদস্যরা তিন লাখ টাকা ঋণ করে তাঁকে পাঠানোর ব্যবস্থা করেন। আল-আমিন নয় বছর ধরে আরব আমিরাতে শ্রমিকের কাজ করছিলেন। ঈদের ছুটিতে বাড়ি আসার পর তাঁর বিয়ে করার কথা ছিল। মোহামঞ্চদ আলী দেড় বছর আগে আরব আমিরাতে যান।