বাংলাদেশি পাইলটের দক্ষতার প্রশংসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওশাদ আবদুল কাইয়ুম।
নওশাদ আবদুল কাইয়ুম।

উড়োজাহাজের একটি চাকা ক্ষতিগ্রস্ত হওয়ার পরও দক্ষতার সঙ্গে ফ্লাইট অবতরণ করায় বাংলাদেশ বিমানের পাইলট ক্যাপ্টেন নওশাদ আবদুল কাইয়ুমকে প্রশংসাপত্র দিয়েছে পাইলটদের আন্তর্জাতিক সংগঠন আইএফএএলপিএ। সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ক্যাপ্টেন রন অ্যাবেল এই প্রশংসা বার্তা পাঠান। আজ সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওমানের মাসকাট থেকে বাংলাদেশ বিমানের এই ফ্লাইটটি গত ২২ ডিসেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। মাসকাট বিমানবন্দর থেকে স্থানীয় সময় ভোর ৪টা ৪৮ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে বিমানের উড়োজাহাজ যাত্রা শুরু করে। বিজি ১২২ ফ্লাইটটি উড্ডয়নের পরপরই মাসকাট বিমানবন্দরে নিয়ন্ত্রণ টাওয়ার থেকে ক্যাপ্টেনকে জানানো হয়, রানওয়েতে চাকার কিছু অংশ পাওয়া গেছে। তা সম্ভবত বিমানের এই উড়োজাহাজের হতে পারে। এ অবস্থায় উড়োজাহাজের ক্যাপ্টেন নওশাদ নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি চট্টগ্রামের পরিবর্তে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন। এ সময় তাঁর অনুরোধে ঢাকায় জরুরি অবতরণের জন্য সব ধরনের সতর্ক ব্যবস্থাও নেওয়া হয়। বিমান অবতরণের আগে দুই দফা তিনি রানওয়ের ওপর নিচুতে উড়াল দেন। তখন নিশ্চিত হওয়া যায় পেছনের ২ নম্বর চাকাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্যাপ্টেন নওশাদ নিজস্ব দক্ষতায় এবং ফ্লাইট নৈপুণ্য দেখিয়ে নিরাপদে ফ্লাইটটি অবতরণ করান। উড়োজাহাজে থাকা ১৪৯ জন যাত্রী এবং সাতজন ক্রু নিরাপদে উড়োজাহাজ থেকে বের হয়ে আসেন।
আইএফএএলপিএর প্রশংসা বার্তায় এ ঘটনার উল্লেখ করে বলা হয়, ‘উড়োজাহাজের ক্যাপ্টেন হিসেবে আমরা আমাদের নির্ধারিত সব দায়িত্ব পালন করি। তবে আপনি এ ঘটনায় আপনার ওপর আরোপিত দায়িত্বের অতিরিক্ত কাজ করেছেন। আপনি আপনার দক্ষতার সর্বোচ্চ ব্যবহার করে ধীরস্থিরভাবে নিরাপদে অবতরণ করিয়েছেন।’
পেশাগত দক্ষতা ও সর্বোচ্চ নিরাপত্তা নেওয়ার জন্য ক্যাপ্টেন নওশাদকে ধন্যবাদও জানানো হয় এ প্রশংসা বার্তায়।
ক্যাপ্টেন নওশাদ ২০০২ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে পাইলট হিসেবে যোগ দেন।