বাংলাদেশি পাসপোর্টসহ গ্রেপ্তার চার রোহিঙ্গা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বাংলাদেশি পাসপোর্টসহ গ্রেপ্তার চার রোহিঙ্গাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শর্মিলা রায় লাভলী শুনানি শেষে এ আদেশ দেন।
গ্রেপ্তার হওয়া চার রোহিঙ্গা হলেন: ইসলাম (২৫), তাঁর মা আবেলা খাতুন (৬৭) স্ত্রী সাজান বেগম (২৫) ও মোবারক (২৫)। নগরের রেলওয়ে থানায় দায়ের হওয়া বিদেশি নাগরিক সম্পর্কিত আইনের ১৪ ধারায় তাঁদের কারাগারে পাঠানো হয়।
রেলওয়ে থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার প্রথম আলোকে জানান, মঙ্গলবার রাতে চট্টগ্রাম রেলস্টেশনে ঘোরাঘুরি করলে সন্দেহজনকভাবে চারজনকে আটক করা হয়। পরে মোবারক ছাড়া তিনজনের কাছ থেকে তিনটি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়। তাঁদের চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে ভারত যাওয়ার কথা ছিল। চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠিকানা ব্যবহার করে তাঁরা পাসপোর্ট ও ভারতীয় ভিসাও নেন। ভারত গিয়ে সেখান থেকে অন্য দেশে যাওয়ার পরিকল্পনা ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তাঁরা।