বাংলাদেশি প্রেমিকসহ ভারতীয় তরুণী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে পালিয়ে আসা তরুণী লাইলী বেগম ও তাঁর বাংলাদেশি প্রেমিক লাজু ইসলামকে গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছেন আদালত। পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্ত দিয়ে লাইলী বেগমকে ‘অপহরণ’ করা হয়েছে—এই অভিযোগ এনে গত রোববার ছয় বাংলাদেশিকে অপহরণ করে লাইলী বেগমের পরিবার। ঘটনার চার দিন পরও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই ছয় বাংলাদেশিকে ফেরত না দেওয়ায় পাটগ্রাম থানার পুলিশ গতকাল প্রেমিকসহ লাইলী বেগমকে আদালতে উপস্থাপন করে। পরে লালমনিরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত তাঁদের কারাগারে পাঠান। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন জানান, অনুপ্রবেশের অভিযোগে লাইলীকে এবং ১৫৪ ধারায় লাজুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ দুজনকে কারাগারে পাঠানোর পর লাইলীর বাবা বাবর আলীর কাছে আটক থাকা ছয় বাংলাদেশির দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ল বলে মনে করছেন তাঁদের স্বজনেরা। অপহূত সুজনের বাবা দেলওয়ার হোসেন বলেন, ‘আমাদের সন্তানদের উদ্ধারে কেউ এগিয়ে আসছেন না। উদ্ধার করা না হলে হয়তো তাঁদের মেরে ফেলা হবে।’ একই রকম কথা বলেছেন অন্যদের পরিবারও।