বাংলাদেশি বংশোদ্ভূত তাহসিনা যুক্তরাষ্ট্রের কাউন্সিলর নির্বাচিত

বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক তাহসিনা আহমেদ (২৩) নিউ জার্সির হেলডন নগরের স্থানীয় সরকারের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে তিনি ডেমোক্রেটিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে এই জয় পান।
এই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কোনো মেয়ে স্থানীয় সরকারের কাউন্সিলর নির্বাচিত হলেন। তাহসিনা পেয়েছেন ৮৪৯ ভোট। তিনি হারিয়েছেন রিপাবলিকান দলের জ্যাকব ফেবারকে। ফেবার পেয়েছেন ৫২৯ ভোট।
তাহসিনা আহমেদের বিজয়ে মঙ্গলবার রাতে নিউইয়র্ক ও নিউ জার্সিসহ আশপাশের শহরে বসবাসরত বাংলাদেশিরা উৎসব করেছেন। মাত্র ২৩ বছর বয়সী তাহসিনা নিউ জার্সির মনমাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁর পৈতৃক বাড়ি বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা গ্রামে।
বিজয়ী হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাহসিনা। সময় পেলেই মা-বাবার সঙ্গে বাংলাদেশে যান এ কথা উল্লেখ করে তাহসিনা প্রথম আলোকে বলেন, ‘আমি বাংলায় কথা বলি। বাংলাদেশকে নিজের দেশ মনে করি।’