বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণের জিহাদে অংশ নেওয়ার দায় স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি বংশোদ্ভূত ২২ বছর বয়সী এক ব্রিটিশ তরুণ নাহিন আহমেদ ও তাঁর সঙ্গী পাকিস্তানি বংশোদ্ভূত ইউসুফ সারওয়ার গতকাল মঙ্গলবার লন্ডনের একটি আদালতে সন্ত্রাসবাদী কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
নাহিন গত তিন মাসের মধ্যে দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ, সিরিয়ায় জিহাদি কার্যক্রম ও সন্ত্রাসজনিত অপরাধে জড়িত থাকার অপরাধে ব্রিটিশ আদালতে যাঁর বিচার সম্পন্ন হলো।
সিরিয়ায় আল-কায়েদা সম্পর্কিত একটি জঙ্গিগোষ্ঠীর হয়ে যুদ্ধ করার জন্য নাহিন ও তাঁর সঙ্গী গত বছরের মে মাসে তুরস্ক হয়ে সিরিয়ায় যান। প্রায় আট মাস সিরিয়ায় কাটানোর পর ব্রিটেনে ফিরে এলে হিথরো বিমানবন্দরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। সে সময়ে তাঁদের পোশাকে সামরিক মানের বিস্ফোরকের চিহ্ন পাওয়া যায়।
বার্মিংহামের হ্যান্ডসওয়ার্থ এলাকার বাসিন্দা ওই দুই তরুণ তাঁদের পরিবারকে না জানিয়ে সিরিয়ায় জিহাদে যোগ দিতে যান এবং পরে পরিবারের সদস্যরা তা জানার পর তাঁদের দেশে ফিরে আসতে রাজি করান। নাহিন ও তাঁর সঙ্গীর ক্যামেরায় ধারণ করা ছবিতে তাঁদের অস্ত্র নিয়ে মহড়ারত অবস্থায় দেখা যায় এবং উপগ্রহ থেকে প্রাপ্ত ছবি বিশ্লেষণ করে গোয়েন্দারা নিশ্চিত হয় যে, তাঁরা সিরিয়ার সবচেয়ে সংঘাতপূর্ণ এলাকা আলেপ্পোতে ছিলেন।
নাহিন আহমেদের জন্ম বাংলাদেশে। ছোটবেলায় তিনি ব্রিটেনে আসেন। স্কুল পেরোনোর পর কিছুদিন ডাক বিভাগে কাজ করেন বলে পুলিশ জানিয়েছে। তবে জিহাদে যাওয়ার আগে তিনি বেকার ছিলেন। পুলিশ বলছে, নাহিন বছর খানেক ধরে এর জন্য প্রস্তুতি নেন।
লন্ডনের উলউইচের ক্রাউন কোর্টে এই দুই তরুণ তাঁদের দোষ স্বীকার করলেও বিচারক গতকাল সাজা ঘোষণা করেননি। পরে সাজা ঘোষণা করবেন বলে বিচারক জানান।
এর আগে গত মে মাসে আরেকজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ মাশহুদুর চৌধুরীকে লন্ডনের আরেকটি আদালত সিরিয়ায় জিহাদি কার্যক্রমে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত করেছিলেন। ব্রিটিশ পুলিশের ধারণা, পাঁচ শর বেশি ব্রিটিশ মুসলমান তরুণ সিরিয়া ও ইরাকের জঙ্গিগোষ্ঠীগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছেন। সম্প্রতি ইরাকে খিলাফত ঘোষণাকারী ইসলামি গোষ্ঠী, আইএসআইএলের একটি প্রচারমূলক ভিডিওতেও একজন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণকে মুসলমান তরুণদের প্রতি কথিত ‘জিহাদে’ অংশ নেওয়ার জন্য আহ্বান জানাতে দেখা যায়।