বাংলাদেশি বংশোদ্ভূত সুমন হকের মনোনয়ন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত সুমন হকের মনোনয়ন বাতিল করেছে লেবার পার্টি। মাত্রাতিরিক্ত মদ্যপান অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে সুমন হক গত শুক্রবার আদালতে হাজির হওয়ার ঘটনায় তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নেয় দলটি।
সুমন হক স্কটল্যান্ডের অ্যাবার্ডিনশায়ারের বেনফ অ্যান্ড বুখান আসনে লেবার পার্টির প্রার্থী হয়েছিলেন। তিনি ছিলেন স্কটল্যান্ডের আসনে এমপি পদে মনোনয়ন পাওয়া প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী।
নির্বাচনে জালিয়াতির দায়ে গত বৃহস্পতিবার যুক্তরাজ্যে একমাত্র মুসলিম এবং অশ্বেতাঙ্গ মেয়র বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান আদালতে দোষী সাব্যস্ত হন। এরপর তাঁকে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র পদ থেকে অপসারণ করা হয়। ওই ঘটনার পরদিনই বাংলাদেশি বংশোদ্ভূত এমপি প্রার্থী সুমন হকের মনোনয়ন বাতিল হলো।
স্কটল্যান্ডের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের ১ মে সুমন হক মাত্রাতিরিক্ত মদ্যপান অবস্থায় গাড়ি চালানোর সময় পুলিশের কাছে ধরা পড়েন। এ সময় তাঁর গাড়ি চালানোর লাইসেন্স এবং গাড়ির উপযোগিতা সনদ (ফিটনেস সার্টিফিকেট, যা যুক্তরাজ্যে এমওটি বলে পরিচিত) ছিল না। এসব অভিযোগে সুমন হক গত শুক্রবার অ্যাবার্ডিন শহরের শ্যারিফ কোর্টে হাজিরা দিতে যান। তবে তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করেন। আগামী মাসে এ মামলার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।
সুমন হকের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়টি জানাজানি হলে লেবার পার্টি এক বিবৃতিতে বলে, ‘লেবার পার্টির প্রতিনিধিত্ব করা থেকে সুমন হককে সরিয়ে নেওয়া হয়েছে এবং সাধারণ নির্বাচনের প্রার্থী হিসেবে সুমন হকের ওপর থেকে আমরা সমর্থন প্রত্যাহার করে নিলাম।’
নির্বাচনের বাকি আছে আর মাত্র ১১ দিন। এখন দলীয় সুমন হকের মনোনয়ন বাতিল করায় লেবার পার্টি ওই আসনটিতে নতুন করে আর প্রার্থী দিতে পারবে না। কারণ, গত ৯ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।
আগামী ৭ মে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দেশটির প্রধান তিনটি দল থেকে বাংলাদেশি বংশোদ্ভূত মোট ১২ জন এমপি পদে মনোনয়ন পান। সুমন হকের মনোনয়ন বাতিল হওয়ায় সেই সংখ্যা কমে এখন ১১তে নেমে এল। স্কটল্যান্ডে জন্ম নেওয়া সুমন হকের আদি বাড়ি সুনামগঞ্জের ছাতকে।
গতকাল বিকেলে প্রতিক্রিয়া জানার জন্য সুমন হকের মুঠোফোনে ফোন করে তাঁকে পাওয়া যায়নি। তাঁর ফেসবুক পেজটিও সরিয়ে ফেলা হয়েছে।