বাংলাদেশি বংশোদ্ভূত মেরিনা জিএলএ সদস্য পদপ্রার্থী

এবার যুক্তরাজ্যে গ্রেটার লন্ডন অথরিটির (জিএলএ) নির্বাচনে সদস্যপদে লড়বেন বাংলাদেশি বংশোদ্ভূত মেরিনা আহমদ। ‘ক্রয়ডন অ্যান্ড সাটন’ আসনে সে দেশের প্রধান বিরোধী দল লেবার পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন তিনি। আগামী বছরের ৫ মে এ নির্বাচন হবে।
সরাসরি ভোটে নির্বাচিত একজন নির্বাহী মেয়র ও ২৫ জন সদস্যের সমন্বয়ে জিএলএ গঠিত। লন্ডনের আবাসন, যোগাযোগ, আইনশৃঙ্খলা, অর্থনৈতিক উন্নয়নসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব এই কর্তৃপক্ষের। চার বছর পরপর জিএলএ নির্বাচন হয়।
স্থানীয় লেবার দলের সদস্যদের ভোটাভুটিতে মেরিনার মনোনয়ন চূড়ান্ত হয়। গত মঙ্গলবার প্রকাশিত ওই ভোটাভুটির ফলাফলে দেখা যায়, তিনি স্থানীয় লেবার সদস্যদের ৫৫৭ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী এমিলি ব্রাদার্স পেয়েছেন ৪২৬ ভোট। দলের নতুন নেতা নির্বাচনের পাশাপাশি জিএলএ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী বাছাইয়ে লেবার দলের সদস্যরা গত ১৭ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ডাকযোগে ভোট দেন।
মেরিনা আহমদের জন্ম বাংলাদেশের নারায়ণগঞ্জে। মাত্র ছয় মাস বয়সে মা-বাবার সঙ্গে তিনি যুক্তরাজ্যে পাড়ি দেন। গত মে মাসে অনুষ্ঠিত যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে তিনি লন্ডনের অদূরে বেকেনহাম আসনে লেবার দলের প্রার্থী হয়েছিলেন। কনজারভেটিভের ঘাঁটি হিসেবে পরিচিত ওই আসনে জয় না পেলেও মেরিনা দলের ভোট বাড়াতে সক্ষম হন। দীর্ঘ ৩০ বছর ধরে লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত মেরিনা জিএলএ নির্বাচনে যে আসনে লড়বেন, সেই আসনটিও বর্তমানে কনজারভেটিভ দলের দখলে রয়েছে। বৃহত্তর লন্ডনের মোট পাঁচটি সংসদীয় আসন নিয়ে জিএলএর ‘ক্রয়ডন অ্যান্ড সাটন’ আসনটি গঠিত।