মিয়ানমারের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় রোহিঙ্গারা নিজেদের বাংলাদেশি বংশোদ্ভূত বলে স্বীকার করে নিলে দেশটির নাগরিকত্ব দেওয়া হবে—এমন বিতর্কিত পরিকল্পনার কথা এই প্রথম দেশটির পক্ষ থেকে প্রকাশ্যে জানানো হলো। গত সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী উনা মাউন লুইন জাতিসংঘে দেওয়া ভাষণে পরিকল্পনাটি চূড়ান্ত পর্যায়ে আছে বলে জানান।
সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে উনা মাউন লুইন বলেন, একটি কার্যকর পরিকল্পনা চূড়ান্তের পর্যায়ে আছে। শিগগিরই এটি চালু করা হবে।
পরিকল্পনার খসড়া অনুলিপি সূত্রে রয়টার্স জানিয়েছে, দ্য রাখাইন স্টেট আউটলাইন প্ল্যান নামক পরিকল্পনার একটি অংশে রোহিঙ্গারা দেশের নাগরিক কি না, যাচাই করতে একটি পদ্ধতির কথা বলা হয়েছে। এ পদ্ধতিতে রোহিঙ্গাদের বাঙালি হিসেবে নিবন্ধিত হতে হবে। আর এর ফলে কয়েক পুরুষ ধরে মিয়ানমারে থাকা সত্ত্বেও রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা বলে ধরে নেওয়া হবে। পরিকল্পনায় আরও বলা হয়েছে, নিবন্ধন করতে রাজি না হওয়া রোহিঙ্গাদের অস্থায়ী শিবিরে রাখা হবে। পর্যাপ্ত কাগজপত্র না থাকা রোহিঙ্গাদেরও জায়গা হবে সেখানে।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা করছে, এই বিতর্কিত পরিকল্পনার কারণে সংখ্যালঘু হাজার হাজার রোহিঙ্গাকাকে জোরপূর্বক আটক শিবিরে পাঠানো হতে পারে।
বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের ১১ লাখ রোহিঙ্গার অনেকেই দেশহীন, অনেকের বসবাস রাখাইন প্রদেশে। ২০১২ সালে রাখাইনের বৌদ্ধদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের পর উদ্বাস্তু হয়েছে প্রায় এক লাখ ৪০ হাজার রোহিঙ্গা। রয়টার্স।